গুমায় রেশন দুর্নীতির অভিযোগে খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার রেশন ডিলার শ্যামল সাহা। উত্তর ২৪ পরগনার গুমায় রেশন বণ্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের জেরে আচমকা হানা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি সরাসরি পৌঁছে যান অভিযুক্ত রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে। সেখানে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী ওই রেশন ডিলারকে একের পর এক প্রশ্ন করেন এবং অনিয়মের অভিযোগে তীব্র ভর্ৎসনা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেশনের সামগ্রী গোডাউনে এসে পৌঁছলেও তা সাধারণ উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হতো না। বরং বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকদের বায়োমেট্রিক (হাতের ছাপ) সংগ্রহ করা হলেও পরে জানানো হতো, এখনও রেশনের মাল আসেনি। ফলে বহু মানুষ ভোর থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হতেন।
এদিন মন্ত্রীর সামনে বহু উপভোক্তা নিজেদের ক্ষোভ উগরে দেন, কেউ কেউ কান্নায়ও ভেঙে পড়েন। দীর্ঘদিন ধরে চলা এই পরিস্থিতির অভিযোগ পাওয়ার পরেই খাদ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে যান এদিন। গোডাউনে বিপুল পরিমাণ রেশনের বস্তা মজুত দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এমনকি মন্ত্রীর সামনে অভিযুক্ত ডিলার শ্যামল সাহা কান ধরে ক্ষমা চান বলেও জানা যায়। তিনি ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলেও আশ্বাস দিলে, খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগে অন্যায়ের শাস্তি ভোগ করুন, তারপর অন্য কথা হবে।
খাদ্যমন্ত্রী দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের অনিয়ম চললেও বর্তমান সরকার তা বরদাস্ত করবে না। তাঁর কথায়, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে রেশন ডিলারের লাইসেন্সও বাতিল করা হবে। ঘটনায় পুলিশ অভিযুক্ত রেশন ডিলার শ্যামল সাহাকে গ্রেফতার করে। স্থানীয় গ্রাহকদের কথায়, দিনের পর দিন রেশনের নামে দুর্নীতি চালিয়েছেন এই রেশন ডিলার। গরিব মানুষদের খাদ্য সামগ্রী থেকেও বঞ্চিত করে নিজে লাভবান হয়েছেন। মন্ত্রীর হানা কে কেন্দ্র করে গুমা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।