আন্তর্জাতিক মানের সুইমিং পুলের ভাবনা, কালনাকে স্পোর্টস ও ট্যুরিজম হাব করতে উদ্যোগী বিধায়ক
News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
মন্দির নগরী কালনার পরিচিতি এতদিন মূলত তার ঐতিহাসিক স্থাপত্য ও পর্যটনকে ঘিরেই। তবে আগামী দিনে সেই পরিচিতির সঙ্গে ক্রীড়াক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করতে চায় রাজ্য সরকার। কালনাকে একযোগে স্পোর্টস হাব ও ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার।
সম্প্রতি আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করা সাঁতারু সায়নী দাসের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বিধায়ক। সেখানেই তিনি বলেন, ‘‘কালনায় একাধিক প্রতিভাবান ক্রীড়াবিদ রয়েছেন। তাঁদের অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও সাফল্যকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যেই কালনায় উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে ভাবনা-চিন্তা চলছে।’’
বিশেষ করে সাঁতারের প্রসঙ্গ তুলে বিধায়ক বলেন, ‘‘যখন কালনার মাটি থেকে আন্তর্জাতিক স্তরের সাঁতারু উঠে আসছেন, তখন ভবিষ্যতের প্রতিভা তৈরির জন্য একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুলের প্রয়োজনীয়তা রয়েছে। এমন পরিকাঠামো গড়ে উঠলে স্থানীয় ছেলেমেয়েরা আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পথ আরও সুগম হবে।’’ বিধায়কের মতে, কালনার ক্রীড়া সম্ভাবনা এবং পর্যটনের ঐতিহ্য দুই ক্ষেত্রকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।
একদিকে, যেমন মন্দির নগরী হিসেবে পর্যটকদের আকর্ষণ বাড়ানো হবে, অন্যদিকে আধুনিক ক্রীড়া পরিকাঠামো তৈরি করে কালনাকে একটি গুরুত্বপূর্ণ স্পোর্টস ডেস্টিনেশন হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করতে চাওয়া হচ্ছে, যেখানে পর্যটন ও ক্রীড়া দুই ক্ষেত্রই সমানভাবে বিকশিত হবে। ভবিষ্যতে কালনা শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের মধ্যেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য পরিচিতি লাভ করবে এমন লক্ষ্য নিয়েই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।