হেলিকপ্টার থেকে ঝরে পড়বে গোলাপ পাপড়ি, তারকেশ্বরগামী পুণ্যার্থীদের জন্য বিরাট ঘোষণা শুভেন্দুর
News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
তারকেশ্বরগামী পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করবে রাজ্য সরকার৷ পুণ্যার্থীদের উপরে ঝরে পড়বে গোলাপ পাপড়ি৷ সোমবার নবান্নে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
এ দিন নবান্নে রথযাত্রা আয়োজনকারী কমিটিগুলির হাতে আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী৷ সেই অনুষ্ঠানেই তারকেশ্বরেকে নতুন করে সাজিয়ে তোলা এবং পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার কী কী পরিকল্পনা করেছে, তা জানান শুভেন্দু অধিকারী৷
শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে৷ এ বছর শ্রাবণী মেলা নিয়েও একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বলেন, শ্রাবণ মাসে জলযাত্রীরা হেঁটে যান৷ দেশের বহু রাজ্যে সরকার এই আস্থার পরম্পরায় সহযোগিতা করে৷ এতদিন পশ্চিমবঙ্গ বঞ্চিত ছিল৷ এ বছর আমরা শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় পাঁচ কিলোমিটার অন্তর অন্তর জলযাত্রীদের জন্য সেবাকেন্দ্র স্থাপন করব৷ আবহাওয়া ভাল থাকলে আধাত্মিক চেতনার এই ভূমিতে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পুণ্যার্থীদের উপরেসরকারি হেলিকপ্টার থেকে গোলাপ বৃষ্টি করা হবে৷
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রায় ১৫ কোটি টাকা খরচ করে তারকেশ্বর ধামকে নতুন করে সাজিয়ে তুলবে রাজ্য সরকার৷ সেই কাজও শুরু হয়েছে৷ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুণ্যার্থীদের জন্য যে সেবাকেন্দ্রগুলি খোলা হচ্ছে সেখানে পানীয় জল, ওআরএস, বিশ্রাম নেওয়ার জায়গা থাকবে৷ এ ছাড়াও পুলিশের সহায়তা ক্যাম্প, মেডিক্যাল ক্যাম্পও করা হবে৷
শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর থেকে কলকাতা পর্যন্ত চল্লিশটি বিশেষ সরকারি বাসও চালানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ এ ছাড়াও এ দিনই তারকেশ্বর থেকে ধর্মতলা, দিঘা, খড়্গপুর, বর্ধমান এবং বাঁকুড়া যাওয়ার সরকারি বাস পরিষেবা চালু হয়েছে৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারকেশ্বরের পাশাপাশি উত্তরবঙ্গের জলপেশ মন্দির এবং জয়ন্তী এলাকাতেও একই ভাবে পুণ্যার্থীদের সহায়তা করবে রাজ্য সরকার৷