• ‘বোমা মেরে উড়িয়ে দেব’, মোদির পাঞ্জাব-হরিয়ানা সফরের আগে বড় হুমকি খলিস্তানিদের!
    প্রতিদিন | ১৪ জুলাই ২০২৬
  • ‘বোমা মেরে উড়িয়ে দেব’ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঞ্জাব-হরিয়ানা সফরের আগে বড় হুমকি দিল খলিস্তানিরা। ইমেল মারফত এই হুমকিবার্তা পাঠানো হয়েছে বলে খবর। গোটা ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, হুমকিবার্তার পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু হুমকিবার্তাটি কোথায় পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

    সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে হুমকি বার্তাটি পাঠানো হয়েছে। হুমকি ইমেলে বলা হয়েছে, শুক্রবার হরিয়ানার জিন্দে মোদি যে সভা করবেন, সেখানেই বোমা হামলা চালানো হবে। শুধু তাই নয়, ওই একইদিনে চণ্ডীগড়, মোহালি ও জলন্ধরের বিভিন্ন স্কুল, রেলস্টেশন এবং গুরুত্বপূর্ণ স্থানেও ‘ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দিয়েছে সংগঠনটি। এখানেই শেষ নয়, বিস্ফোরণের সময়ও জানিয়ে দিয়েছে তারা। ইমেলটিতে বলা হয়েছে, শুক্রবার দুপুর ১টা ১১মিনিট নাগাদ বিস্ফোরণগুলি হবে। মোহালির মেয়রের অফিসে বিস্ফোরণ হবে ৩টে ১১মিনিট নাগাদ।

    উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদর দপ্তরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। তার নেপথ্যেও  ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ নামে এই সংগঠনটিই ছিল বলে জানা যায়।
  • Link to this news (প্রতিদিন)