• বিহারে মহিলা কনস্টেবলকে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগ, আধিকারিকরা জানালেন…
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • এক মহিলা পুলিশ কনস্টেবলকে অপহরণ করার পরে তাঁর ওপর যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে বিহারের বৈশালী জেলায়। যদিও পুলিশ আধিকারিকদের দাবি, অভিযুক্ত ব্যক্তি ও ওই মহিলার মধ্যে আগে থেকেই একটি সম্পর্ক ছিল। তার জেরেই এই ঘটনা। যদিও এই নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন বৈশালী এলাকার আধিকারিকরা।

    জানা গিয়েছে, ওই মহিলা বৈশালী (Vaishali) জেলা পুলিশের এক জন হোম গার্ড কনস্টেবেল (Home Guard constable)।

    ওই মহিলার পরিবারের দাবি, সুবোধ পাসওয়ান নামে এক ব্যক্তি তাঁর ভাই আরও দু’জনকে নিয়ে ওই হোম গার্ড কনস্টেবল ও তাঁর নাবালিকা বোনকে বাজার থেকে ফেরার পথে অপহরণ করেন। পরিবারের অভিযোগ, দুই বোনকে একটি বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছিল। সেখানেই ওই কনস্টেবলকে যৌন নির্যাতনের শিকার হতে হয় বলেও দাবি তাঁদের। ওই পরিবারের দাবি, এই নিয়ে পুলিশকে জানানোর পরেই অভিযুক্তর বাড়ি থেকে ওই কনস্টেবলকে উদ্ধার হয়। তবে পুলিশের অভিযান চলার সময়েই সেখান থেকে পালিয়ে যান সুবোধ।

    ওই মহিলার মায়ের দাবি, তাঁর স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন মেয়েরা। সেখান থেকেই সুবোধ তাঁদের অপহরণ করে নিয়ে যান। তাঁর স্বামী মেয়েদের উদ্ধার করার চেষ্টা করলে তাঁকেও হেনস্থা করা হয় বলেও অভিযোগ। তাঁর দাবি, মেয়েদেরকে ছেড়ে দেওয়ার আবেদন নিয়ে তাঁরা সুবোধের বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু তিনি তাঁদের ছাড়তে অস্বীকার করার পরেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। সুবোধ বিবাহিত এবং তাঁর তিনটি সন্তান আছে বলেও জানিয়েছেন তিনি। তার পরেও সুবোধ তাঁর মেয়েকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করছেন বলেও অভিযোগ তাঁর।

    যদিও পরিবারের এই অভিযোগ মানতে চাননি মহুয়ার মহকুমার পুলিশ আধিকারিক (SDPO) সঞ্জীব কুমার। তাঁর দাবি, ওই মহিলা এবং অভিযুক্তর মধ্যে আগে সম্পর্ক ছিল। কিন্তু ওই মহিলা চাকরি পাওয়ার পরে অভিযুক্তর সঙ্গে দূরত্ব তৈরি করেন। সম্পর্ক অবনতির জেরে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ। তবে তাঁকে অপহরণ করা হয়নি। যদিও এই নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

  • Link to this news (এই সময়)