• শিবপুর আইআইএসটি নিয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য!
    আজকাল | ১৪ জুলাই ২০২৬
  • বিউ সরকার: শিবপুরের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (IIEST)-কে এবার ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ বা আইআইটি (IIT) করার প্রস্তাব দিল রাজ্য সরকার। সূত্রের খবর, সোমবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রের কাছে এই মর্মে প্রস্তাব জমা পড়েছে।

    রাজ্যের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি একসময় ‘বেসু’ নামে পরিচিত ছিল। পরবর্তীকালে নাম বদলে আইআইএসটি হলেও, শিক্ষা মহলের একাংশের মতে, জাতীয় স্তরে এর ‘ব্র্যান্ড ভ্যালু’ বা গরিমা কিছুটা আলগা হয়েছে। 

    রাজ্য সরকারের আশা, শিবপুরকে আইআইটি-র মর্যাদা দেওয়া হলে এর পঠনপাঠনের মান যেমন একধাপ বাড়বে, তেমনই আন্তর্জাতিক স্তরেও প্রতিষ্ঠানটি নতুন পরিচিতি পাবে। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের তরফ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব এলে নিয়ম মেনে তা খতিয়ে দেখা হবে।

    সোমবারের এই বৈঠকে কেন্দ্রীয় শিক্ষানীতি কার্যকর করা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

    পাশাপাশি, দীর্ঘদিন ধরে আটকে থাকা আইআইএম কলকাতার ৫০০ কোটি টাকার কেন্দ্রীয় অনুদান পাওয়ার রাস্তাও পরিষ্কার হল এবার। কলকাতা পুরনিগমের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র বা ‘এনওসি’ না মেলায় বিগত সরকারের আমলে এই বিপুল অঙ্কের টাকা আটকে ছিল।

    সূত্রের খবর, নতুন সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রের একাধিক থমকে থাকা প্রকল্পকে দ্রুত ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রের আট প্রতিনিধির সঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকদের বৈঠকে এই জট কাটার ইঙ্গিত মিলেছে।
  • Link to this news (আজকাল)