• নিম্নচাপের বৃষ্টি ভরসা দিচ্ছে চাষিদের
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • এই সময়, বর্ধমান: কয়েকদিন আগেই জেলার চাষিদের মনে আশঙ্কার মেঘ জন্মেছিল বৃষ্টি না–হওয়ায়। ধানের বীজতলা তৈরির জন্য সাবমার্সিবল পাম্প চালিয়ে বীজতলায় জল দিতে হয়েছে। শস্যগোলা বর্ধমানে চাষিরা ক্যানালের জল তুলেও বীজতলায় ব্যবহার করেছিলেন। কৃষি দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মূলত নিম্নচাপের জেরেই এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে। জুলাই মাসে আশঙ্কা কাটিয়ে প্রচুর বৃষ্টি হওয়ায় চাষিদের মনে আশা জেগেছে আমন চাষ নিয়ে।

    বীজতলা থেকে ধান চারা তুলে এখন জমিতে রোপণে ব্যস্ত চাষিরা। জেলা কৃষি দপ্তরের আধিকারিকরাও মনে করছেন, গত বছরের তুলনায় এ বার আমন চাষের সম্ভাবনা অনেক বেশি। এই বিষয়ে কৃষি দপ্তরের এক আধিকারিক জানালেন, গত বছরে ১৫ জুলাই পর্যন্ত এই জেলায় ২৫ হাজার ৪০০ হেক্টর জমিতে বীজতলা হয়েছিল। এ বছর এখনও অবধি সেই সংখ্যাটা ২৭ হাজার ৯৩৪ হেক্টর জমি। এখনও জুলাই মাস শেষ হতে প্রায় তিন সপ্তাহ বাকি রয়েছে। ফলে এই সময়ের মধ্যে সংখ্যা আরও বাড়বে।

    জোরকদমে এখন জেলার বিভিন্ন প্রান্তে চাষিরা ধান রোপণের কাজ শুরু করেছেন। এ বার ধানের বীজতলাও ভালো হওয়ায় ধান নষ্ট হওয়ার সম্ভাবনা কমেছে। কৃষি দপ্তর সূত্রের খবর, গত বছরে অধিক বৃষ্টিপাতের কারণে অনেক চাষিকেই দু’বার, আবার কোথাও তিন বার করেও ধানের চারা রোপন করতে হয়েছিল। বীজতলায় চারা না–থাকায় তা নিয়েও অনেকে সমস্যায় পড়েছিলেন। নতুন করে নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি না–হলে এ বার সেই সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

    জামালপুরের এক চাষি শেখ সামসুদ্দিন বলছিলেন, ‘গত বছরে খরচ করে ধানের চারা বসানোর পরে তা জলে ভেসে গিয়েছিল। আবারও নতুন করে চাষ করে তেমন ফলন পাইনি। এ বার দেখি কী হয়।’ মেমারি–২ ব্লকের আর এক চাষি অনিন্দ্য ঘোষের মন্তব্য, ‘এখানে আমন চাষের পরে আমরা আলুর চাষ করি। গতবার সমস্যায় পড়েছিলাম। এ বার আবহাওয়া অনুকূলে আছে প্রথম থেকেই। ফলে ধানের ফলন বেশি হবে।’ গলসির গলিগ্রামের চাষি আশিস ভট্টাচার্য বললেন, ‘আমার ২০ বিঘা জমির জন্য ধানের বীজতলা তৈরি করতে পাম্প চালিয়েছি। এখন বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া থাকলে মনে হয় ভালো চাষ হবে।’

    জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক বলছেন, ‘এ বার মনে হচ্ছে বর্তমান আবহাওয়ার গতিপ্রকৃতি চাষিদের পক্ষে অনুকূলে থাকায় অনেক ভালো ফলন পাবেন চাষিরা।’

  • Link to this news (এই সময়)