• উত্তরে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বাড়বে বর্ষার দাপট
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • এই সময়: কয়েকদিন বিরতি নেওয়ার পরে বাংলায় ফের সক্রিয় দক্ষিণ–পশ্চিম মৌসুমি বাতাস। আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণ — বাংলার দু’প্রান্তেরই একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

    আবহবিদদের মতে, একটি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বিস্তৃত হয়ে হিসার, মোরাদাবাদ, গোরখপুর, মুজফ্ফরপুর ও বালুরঘাট হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশে সমুদ্রপৃষ্ঠের ৪.৫ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এ ছাড়া উত্তর-পশ্চিম বিহার থেকে পূর্ব বাংলাদেশ ও ত্রিপুরা হয়ে মণিপুর পর্যন্ত নিম্নস্তরে আরও একটি অক্ষরেখা অবস্থান করছে। একসঙ্গে এই তিনটি ওয়েদার সিস্টেম সক্রিয় হওয়ার ফলেই এই সপ্তাহে বাংলার আবহাওয়া ফের বৃষ্টির অনুকূল হতে চলেছে।

    আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে আগামীকাল বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সম্ভাবনা রয়েছে। ১৬ ও ১৭ জুলাইও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গল ও কাল বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারেও উত্তরবঙ্গের পরিস্থিতি এমনটাই থাকতে চলেছে বলে জানানো হয়েছে।

    রবিবার উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সে দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

    অন্যদিকে, আজ মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সে দিন বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বুধবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা–সহ প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। একই সঙ্গে এ দিন হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Link to this news (এই সময়)