• বহরমপুরে অধীরের সভা, রাজভবন অভিযানের হুঁশিয়ারি
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • বহরমপুর: কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদে সভা করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে অনুষ্ঠিত ওই সভায় অধীর চৌধুরী জেলার প্রতিটি ব্লকে একটা করে ট্রাইব্যুনাল খুলতে হবে বলে দাবি তোলেন।

    সভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর বলেন, 'আমাদের একটাই দাবি, প্রত্যেকটা ব্লকে একটা করে ট্রাইব্যুনাল খুলতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীদের সমস্যার সমাধান করতে হবে। সরকার পোর্টালের কথা বললেও সেখানে কোনও কাজ হচ্ছে না, পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর।'

    তিনি জানান, এ দিন জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে। এর পরে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপালকে ডেপুটেশন দেওয়া হবে। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে রাজভবন অভিযান করা হবে।

    অধীর বলেন, 'এক দিকে কোর্টের বাইরে, অন্য দিকে কোর্টের ভেতরে-এই দ্বিমুখী লড়াইয়ের মাধ্যমে মানুষের অধিকারের জন্য আমাদের লড়তে হবে।' জেলাবাসীর উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, বিগত দিনে যেমন মানুষের সঙ্গে ছিলেন, আগামি দিনেও তেমনই থাকবেন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলবে। এ দিনের সভা থেকে কংগ্রেসকে একমাত্র বিকল্প হিসেবে তুলে ধরে ৬টি দাবি পেশ করা হয়। মূল দাবিগুলির মধ্যে রয়েছে- প্রতিটি ব্লকে ট্রাইব্যুনাল গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীদের সমস্যার সমাধান করা, অন্নপূর্ণা যোজনা সমেত সমস্ত সরকারি প্রকল্পের নিয়মকানুন সরল করা, উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করা এবং পেট্রল-ডিজেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ করা।

    এ ছাড়াও মুর্শিদাবাদ জেলায় রেলের কোচ ফ্যাক্টরি গঠন এবং ভাণ্ডারদহ বিলের দ্রুত সংস্কারের দাবিও জানানো হয়েছে। এ দিনের সমাবেশে রানিনগর ও ফরাক্কার বিধায়ক ছাড়াও কংগ্রেসের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এর পাশাপাশি সভায় হাজির ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার কর্মী-সমর্থক।

    এ দিকে, আগামী দু'আড়াই মাসের মধ্যে রেজিনগর বিধানসভায় উপনির্বাচন এবং বিভিন্ন পুরসভায় নির্বাচন হবে। তার আগে এই সভার ভিড় শাসকদলকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে রাজনীতির কারবারিরা মনে করছেন। বিশেষ করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দেওয়ায় জেলায় হাত শিবির আগের তুলনায় শক্তিশালী হবে বলেও মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)