এই সময়, বনগাঁ: হাবরার ঘটনার পুনরাবৃত্তি ঘটল বনগাঁয়। নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল সৎ বাবাকে। পাশাপাশি মেয়ে ধর্ষিতা হওয়ার বিষয়টি জানার পরেও স্বামীর বিরুদ্ধে নীরব থাকায় নির্যাতিতার মাকেও গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। সোমবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এ দিনই নির্যাতিতা নাবালিকার গোপন জবানবন্দি নিয়ে মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতা নাবালিকার মায়ের তৃতীয় পক্ষের স্বামী। প্রথম পক্ষের মেয়েকে নিয়ে তৃতীয় স্বামীর সংসারে ছিলেন ওই মহিলা। অভিযোগ, নাবালিকাকে বেশ কিছুদিন ধরেই সৎ বাবা ধর্ষণ করত। মেয়ের উপরে স্বামীর পাশবিক নির্যাতনের বিষয়টি অজানা ছিল না মায়ের। কিন্তু তিনি প্রতিবাদ কিংবা প্রতিরোধ করেননি। মায়ের নীরব ভূমিকায় কার্যত মুখ বুজেই অত্যাচার সহ্য করতে হয়েছে নাবালিকাকে।
সম্প্রতি এক আত্মীয়ার বাড়িতে গিয়ে সবটা জানিয়ে দেয় ওই নাবালিকা। এর পরেই রবিবার রাতে নির্যাতিতার আত্মীয়া বনগাঁ থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ধর্ষণের অভিযোগে সোমবার অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ।
নির্যাতিতার বয়ান এবং প্রাথমিক তদন্তে ধর্ষণে অভিযুক্তকে প্রশ্রয় দেওয়া, ঘটনার প্রতিবাদ না করায় নির্যাতিতার মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সৎ বাবার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে।