একই সঙ্গে একাধিক ওয়েদার সিস্টেম সক্রিয় রয়েছে দেশে। আর তার প্রভাবেই আগামী কয়েকদিনে কলকাতা-সহ গোটা রাজ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দুপুর পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বিকেলের পরে থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। তবে, বৃহস্পতিবার, রথের দিন গোটা রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট একটু কম থাকলেও শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা।
আবহবিদরা জানিয়েছেন, রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে উত্তর-পূর্ব ভারতে মণিপুর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি, বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এ ছাড়াও, বিহার থেকে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। একই সঙ্গে তিন ওয়েদার সিস্টেম সক্রিয় হওয়ার কারণে গোটা বাংলা জুড়েই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। দুপুর পর্যন্ত কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে, বিকেলের পরে থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির তীব্রতা বাড়বে কলকাতায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে।
অন্যদিকে, উত্তরবঙ্গে সব জেলাতেই মঙ্গলবার ঝড়বৃষ্টি জারি থাকবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা সামান্য কমতে পারে। তবে, শুক্রবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি।