রথযাত্রার আগেই মালদহে খুশির জোয়ার, ইসকন ও চাঁচল রাজবাড়ির হাতে পৌঁছল ৫ লক্ষ টাকা
News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে মালদহ ইসকন এবং চাঁচল রাজবাড়ি রথ কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার মালদহ জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই রথযাত্রা কমিটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, মালদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিধায়ক রাজু কর্মকার এবং জেলাশাসক রাজনবীর সিং কাপুর।
তাঁদের উপস্থিতিতেই মোট ১০ লক্ষ টাকার অনুদান দুই কমিটির হাতে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই অনুদানের ফলে রথযাত্রা এবং সংশ্লিষ্ট ধর্মীয় অনুষ্ঠান আরও সুষ্ঠু, নিরাপদ ও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হবে। প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ও জনসেবামূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।
জেলাশাসক রাজনবীর সিং কাপুর বলেন, “রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মালদহ জেলার চাঁচল রাজবাড়ি এবং শহরের ইসকন রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। রথযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই বিষয়ে প্রশাসন বিশেষ নজর দেবে। রথযাত্রার দিন প্রশাসনের উদ্যোগে বিশেষ ক্যাম্পও করা হবে।” উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু বলেন, “রাজ্যজুড়ে বিভিন্ন রথযাত্রা কমিটিকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। নতুন সরকার ও মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ধন্যবাদ জানাই।
এরফলে আরও সুন্দর ও জাঁকজমক সহকারে রথ উৎসব পালন করা হবে।” অনুদান পেয়ে মালদহ ইসকন ও চাঁচল রাজবাড়ি রথ কমিটির সদস্যরা রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, এই আর্থিক সহায়তা চলতি বছরের রথযাত্রা উৎসবকে আরও সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের জন্য উন্নত পরিষেবা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতেও এই অনুদান সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।