• ৪ বছরে ট্রেন থেকে চুরি ১ কোটিরও বেশি লিনেন
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিগত চার বছরে সারা দেশে ট্রেন থেকে চুরি হয়েছে এক কোটিরও বেশি ‘লিনেন’। অর্থাৎ, তোয়ালে, বেডশিট কিংবা কভার। এর মধ্যে সবথেকে বেশি চুরি হয়েছে মুখ মোছার তোয়ালেই। ট্রেন থেকে নেমে যাওয়ার সময়ই তা পকেটস্থ করেছেন কিংবা ব্যাগে পুরেছেন রেল যাত্রীদের একটি অংশ। এসি কোচের প্রতি এক হাজার জন যাত্রীর মধ্যে একজন এই কুকর্ম করেছেন। এর ফলে কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে রেল কর্তৃপক্ষ। বিভিন্ন রেলওয়ে জোনের কাছে এসংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) আবেদন করেছিল একটি সর্বভারতীয় সংবাদপত্র। সেই আরটিআইয়ের জবাবে রেল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে, তা আদতেই চমকে ওঠার মতো। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ১ কোটি ২৭ লক্ষ ‘লিনেন’ চুরি হয়েছে ট্রেনের এসি কোচ থেকে। ২০২২ সাল পর্যন্ত  যা হিসাব, তার থেকে বিগত চার বছরে এহেন চুরির হার ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চার বছরে রেলের ক্ষতির পরিমাণ প্রায় ১০৪ কোটি ৫১ লক্ষ টাকা। সবথেকে বেশি চুরির অভিযোগ সামনে এসেছে রাজস্থানের বিকানির রেলওয়ে শাখা থেকে। রেল কর্তাদের আক্ষেপ, যাত্রীদের বিরুদ্ধে অধিকাংশ সময়ই কোনো পদক্ষেপ করা সম্ভবই হয় না। বরং গরিব কোচ অ্যাটেনডেন্টের দৈনিক মজুরি থেকে চুরি যাওয়া সামগ্রীর দাম কেটে নেয় বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। যাত্রীদের তা মাখায় রাখা উচিত।
  • Link to this news (বর্তমান)