• দক্ষিণ কোরিয়ায় টয় ট্রেন ও দার্জিলিংয়ের ঐতিহ্য তুলে ধরবেন ডিএইচআর ডিরেক্টর
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ফোরামে ভারতের প্রতিনিধিত্ব করবেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী। আগামী ১৬ জুলাই দক্ষিণ কোরিয়ায় শুরু হতে চলা তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। ভারত থেকে হেরিটেজ টয়ট্রেনের জন্য ডিএইচআরের প্রতিনিধি হিসেবে ঋষভ চৌধুরী মনোনীত হয়েছেন। 

    ঋষভ চৌধুরী জানান, সম্মেলনে তিনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়ার ইতিহাস, টয় ট্রেনের ঐতিহ্য, পর্যটন আকর্ষণ এবং সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরবেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও তাঁদের নিজ নিজ হেরিটেজ সম্পত্তি নিয়ে মতবিনিময় করবেন। বিশ্বের দরবারে টয় ট্রেনকে আরও ব্যাপকভাবে মেলে ধরার এই মঞ্চকে ব্যবহার করে আরও বেশি করে বিদেশি পর্যটক দার্জিলিংয়ে আনা তাঁর  মূল লক্ষ্য বলে জানান ডিএইচআর ডিরেক্টর। 

    তিনি বলেন, এই আন্তর্জাতিক মঞ্চে দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেনকে আরও জনপ্রিয় করে তোলার সুযোগ তৈরি হবে। টয় ট্রেনের ইতিহাস, মনোরম ভ্রমণ অভিজ্ঞতা এবং দার্জিলিং সফরের নানা আকর্ষণ বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ বাড়াতেও এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দার্জিলিং শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কেও তিনি প্রতিনিধিদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। এর পাশাপাশি হেরিটেজ সম্পতির রক্ষণাবেক্ষণ, শ্রীবৃদ্ধি নিয়েও মূল্যবান পরামর্শ পাওয়া যাবে বলে জানান ঋষভ চৌধুরী। 

    এদিকে নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা এখনও বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে ঋষভ চৌধুরী বলেন, সবকিছু স্বাভাবিক থাকলেও সম্প্রতি পাহাড়ে ধস নামায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং পরিষেবা চালুর পরিকল্পনা পিছিয়ে যায়। বর্তমানে লাইন মেরামতির কাজ জোরকদমে চলছে। আশা করা হচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যেই দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা পুনরায় স্বাভাবিক হবে।
  • Link to this news (বর্তমান)