• শিবভক্তদের কাছে জলের জন্য টাকা: বৈঠকে বসতে চলেছে ব্লক প্রশাসন
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ের ধারা থেকে জল নেওয়ার জন্য শিবভক্তদের কাছ থেকে টাকা নেওয়া হয় বলে অভিযোগ। সোমবার এই সংক্রান্ত খবর প্রকাশের পরই প্রশাসন নড়েচড়ে বসেছে। শুশুনিয়ায় জল আনতে গিয়ে শিবভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তারজন্য ছাতনা ব্লক প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ছাতনার বিডিও সৌরভ ধল্ল বলেন, দু’-একদিনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে ছাতনা থানায় একটি বৈঠক হবে। সেখানে পুণ্যার্থীদের সমস্যা নিয়ে আলোচনা হবে।

    এনিয়ে স্থানীয় পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, সরকার তথা প্রশাসন পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিলে শুশুনিয়ার ধারার জলের জন্য টাকা নেওয়া হবে না। তাঁদের দাবি, শিবভক্তরা স্বেচ্ছায় টাকা দেন। 

    উল্লেখ্য, প্রতিবছর হাজার হাজার পুণ্যার্থী শিবের মাথায় ঢালার জন্য জল আনতে শুশুনিয়ায় যান। ছাতনা থেকে শুশুনিয়া পাহাড়ের ধারা বা বাঘমুখ ঝরনা পর্যন্ত রাস্তায় আলো না থাকায় পুণ্যার্থীদের যাতায়াতে সমস্যা হয়। ওই বিষয়টি ছাড়াও অন্যান্য সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্থানীয় কমিটির প্রাক্তন সম্পাদক তথা বর্তমান সদস্য উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রাবণ মাসজুড়ে শুশুনিয়ায় পুণ্যার্থীদের ঢল নামে। আমরা তাদের নানাভাবে সাহায্য করে থাকি। পুণ্যার্থীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ ঠিক নয়। যে যেমন পারে, আমাদের তহবিলে জমা দেয়। ওই টাকায় পুণ্যার্থীদের থাকার ছাউনি, পুলিশ কর্মীদের তাঁবু, আশপাশের এলাকা পরিষ্কার রাখা, মেন রোড থেকে ঝরনা পর্যন্ত আলোর ব্যবস্থা করা, কেউ অসুস্থ হলে হাসপাতালে পাঠানো সহ নানা কাজ আমরা করে থাকি। প্রশাসন ওইসব কাজ করলে পুণ্যার্থীদের দান গ্রহণের প্রয়োজন পড়বে না। 

    বিষয়টি নিয়ে ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন, শুশুনিয়ার যাবতীয় বিষয় নিয়ে ব্লক প্রশাসন, স্থানীয় থানার পুলিশ এবং গ্রাম ষোলোআনা বৈঠক করে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। বিধায়ক হিসাবে আমার এব্যাপারে হস্তক্ষেপ করার কিছু নেই। 
  • Link to this news (বর্তমান)