• গড়চণ্ডী ধাম থেকে আড়া শিবমন্দির, পঃ বর্ধমানে ধর্মীয় স্থান উন্নয়নে রাজ্য
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ধর্মীয় স্থান রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে একহাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমান জেলাও সেই উন্নয়নযজ্ঞে শামিল হচ্ছে। সরকারের প্রথম বাজেটে কল্যাণেশ্বরী মন্দিরের উন্নয়নের কথা উল্লেখ আছে। এবার কাঁকসা থানা এলাকার গড়জঙ্গলের গড়চণ্ডী ধাম ও আড়া শিবমন্দির উন্নয়নের কথা ঘোষণা করেছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

    সোমবার চারটি রথযাত্রা কমিটিকে পাঁচলক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই কর্মসূচির সূচনা করেন। আসানসোল জেলাশাসক অফিস চত্বরে ওই আয়োজকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। সেখানেই বিধায়ক চন্দ্রশেখরবাবু বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যজুড়েই ধর্মীয় সার্কিট গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন। আমাদের গড়জঙ্গলেই রাজা সুরত প্রথম দুর্গাপুজোর সূচনা করেন। গড়চণ্ডী ধাম নামেই সেই ধর্মীয় স্থান পরিচিত। আমরা তার উন্নয়ন করব। এছাড়া, আড়া রাঢ়েশ্বর শিবমন্দিরে করিডর গড়ে তুলব। এদিন সকালে জেলাশাসক পোন্নমবলম এস, পুলিশ কমিশনার প্রণবকুমার সহ শীর্ষ আধিকারিকরা জেলাশাসক অফিসের কনফারেন্স হলে উপস্থিত হন। সেখানে চারটি রথযাত্রা কমিটিকে চেক দেওয়া হয়। ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীও প্রতিটি জেলা সদরের পাশাপাশি আসানসোলের চেক বিলির অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। আসানসোল ও দুর্গাপুরের ইস্কন শাখার পাশাপাশি বরাকরের গৌরাঙ্গ মন্দির ও মামড়া বাজারের রথযাত্রা কমিটিকে অর্থসাহায্য করা হয়। ওই সমস্ত কমিটির সদস্যরা জানান, এই টাকা পাওয়ায় রথযাত্রা আয়োজনে সুবিধা হবে।  আসানসোল  পোলো ময়দানে সেজে উঠছে ভগবান জগন্নাথের মাসির বাড়ি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)