• বাড়িতে ডেকে তরুণীকে যৌন হেনস্তা-ধর্ষণের চেষ্টা, ধৃত টলি নায়িকার পিএ
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কাজের অছিলায় বাড়িতে ডেকে এনে এক তরুণীকে যৌন হেনস্তা ও ধর্ষণের চেষ্টার অভিযোগে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অর্ঘ্য মুখোপাধ্যায়। তিনি চ্যাটার্জিহাটের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্ঘ্য নিজেকে টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী বলে পরিচয় দিতেন। পাশাপাশি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গেও যুক্ত বলে দাবি। অভিযোগকারী তরুণী কলকাতার লেকটাউন এলাকার বাসিন্দা এবং তিনিও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত। সেই সূত্রেই দু’জনের পরিচয় হয়েছিল বলে জানা গিয়েছে।

    অভিযোগ, গত ১২ এপ্রিল কাজের প্রয়োজনের কথা বলে অর্ঘ্য ওই তরুণীকে নিজের বাড়িতে ডেকে পাঠান। অভিযোগকারীর দাবি, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে যৌন হেনস্তা করা হয়। বাধা দিলে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি এই ঘটনা নিয়ে কোথাও অভিযোগ না করার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে তরুণীর দাবি। ঘটনার প্রায় দু’মাস পরে, জুন মাসে চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে সাতদিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

    অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী শঙ্খজিৎলাল মিশ্র বলেন, যাবতীয় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলাকারীর বয়ান অনুযায়ী, ঘটনার প্রায় আড়াই মাস পর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে এও বলা হয়েছে যে, এই আড়াই মাসে অভিযুক্তের সঙ্গে তরুণীর যোগাযোগ ছিল। ফলে অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। এদিকে, অভিযুক্ত আদৌ কোনো টলিউড অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী, নাকি ভুয়ো পরিচয় ব্যবহার করতেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)