• জেলাশাসকের বৈঠকে যোগ দিলেন সাংসদ পার্থ ভৌমিক, পালাবদলের পর প্রথম
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার বারাসতে জেলাশাসক প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর এই প্রথম এমন প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বারাকপুরের তৃণমূল সাংসদ তথা অধুনা এনসিপিআই নেতা পার্থ ভৌমিক। তিনি ছাড়াও হাজির ছিলেন জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার সহ সেচদপ্তরের অফিসাররা।

    ২০২৪-এর লোকসভা নির্বাচনে বারাকপুরে তৃণমূলের সাংসদ হন পার্থ ভৌমিক। ২০২১ সালে তিনি নৈহাটির বিধায়ক ছিলেন। পরে রাজ্যের সেচমন্ত্রীও হন পার্থ। রাজ্যে পালাবদলের পর উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে দিল্লিতে বিজেপি বিধায়কের বাড়িতে বৈঠক করেন পার্থ। পরে তিনি এনসিপিআইয়ে যোগ দেন। রাজ্যে ক্ষমতা এখন বিজেপির হাতে। রাজ্যের সেচ ও জলপথ পরিবহণে ৩ হাজার ৬৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। জেলার সুন্দরবন এলাকার বাঁধ নির্মাণ, নদী সংস্কার করতেও উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। বর্ষার মুখে সেচ ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এদিন বৈঠক হয় জেলাশাসকের উপস্থিতিতে। উল্লেখ্য, রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কল্যাণীর প্রশাসনিক বৈঠকেও বিরোধীরা হাজির ছিলেন। এবার জেলার সেচদপ্তরের প্রশাসনিক বৈঠকেও হাজির হলেন বারাকপুরের সাংসদ। তাঁর উপস্থিতি প্রসঙ্গে জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার বলেন, জেলার সেচ নিয়ে বৈঠক হল। উনি যদি রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেন, তাহলে তো ভালোই। পার্থ ভৌমিক অবশ্য বৈঠক নিয়ে কিছু বলেননি। ২১ জুলাই তৃণমূলের শহিদ সভায় উপস্থিতি নিয়ে পার্থ বলেন, ২০ ও ২১ জুলাই লোকসভা রয়েছে।
  • Link to this news (বর্তমান)