নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১১৮ বছরের পুরানো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বাঁচাতে আগেই উদ্যোগ নেয় রাজ্য সরকার। এবারের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, নানা আইনি জটিলতায় এই প্রাচীন শেয়ার বাজার বন্ধ হলেও তা ফের চালু করার উদ্যোগ নেওয়া হবে। সূত্রের খবর, সেই কাজে গতি আনতেই নবান্ন থেকে অর্থমন্ত্রকের চিঠি গিয়েছে গত সপ্তাহে। শেয়ার বাজারটি খুলতে কী কী পদক্ষেপ করা উচিত, সেই বিষয়েই রূপরেখা চেয়েছে রাজ্য। কেন্দ্রীয় সরকার কীভাবে এতে সাহায্য করতে পারবে, তা জানতে চাওয়া হয়েছে।
শতাব্দী প্রাচীন এই শেয়ার বাজার ২০১৩ সালের ৪ এপ্রিল থেকে বন্ধ। বন্ধের কারণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) সঙ্গে আইনি বিবাদ। এক্সচেঞ্জটি বন্ধ করার জন্য জারি হওয়া সেবির নির্দেশিকা আপাতত স্থগিত রাখার আরজি জানিয়েছেন সিএসই কর্তৃপক্ষ। এই ব্যাপারে সেবিকে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। সিএসইর এক কর্তা বলেন, কেন্দ্র ও রাজ্য বা ডবল ইঞ্জিন সরকার একযোগে এই শেয়ার বাজার চালুর উদ্যোগ নিচ্ছে। তাই সেবির সিদ্ধান্ত স্থগিত রাখার আরজি জানিয়েছি আমরা।