• রুটি-পরোটার সঙ্গে পনির খান? ভুল খাবারের সঙ্গে খেলে বাড়বে বদহজম ও ওজনও
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • পনির পুষ্টিকর। প্রোটিনে সমৃদ্ধ খাবার। নিরামিষ রান্নার দিনে এটা মূল পদ হয়ে দাঁড়ায়। কিন্তু বহু মানুষের ধারণা পনির খেলে হজমের সমস্যা হয় এবং ওজন বাড়ে। সম্প্রতি সার্টিফাইড নিউট্রিশনিস্ট আইনা সিংঘল ইনস্টাগ্রামে বলেছেন, ‘আসল সমস্যা পনিরের নয়। বরং, আপনি পনির কীসের সঙ্গে এবং কখন খাচ্ছেন, তার উপর নির্ভর করছে।’ তাঁর মতে, ‘অতিরিক্ত কার্বোহাইড্রেট, মিষ্টি সস দিয়ে পনির খেলে কিংবা মাঝরাতে পনির খেলে পেট ফাঁপা, পেটে অস্বস্তি এবং ত্বকের সমস্যা দেখা দেয়।’ 

    পুষ্টিবিদ আরও জানিয়েছেন, ভারী খাবারের সঙ্গে পনির খেলে হজমপ্রক্রিয়া ধীর হয়ে যায়। আপনি যখনই ভাত-রুটি কিংবা ডাল-রাজমার সঙ্গে পনির খান, তখন পেটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। আবার অনেকেই পনিরের সঙ্গে ফল, মিষ্টি সস বা অন্য দুগ্ধজাত খাবার খান, তখনও পেট ফাঁপা এবং ত্বকের সমস্যা তৈরি হয়। অন্যদিকে, মাঝরাতে পনির খেলে তা ঠিকমতো হজম হয় না এবং ঘুমের ব্যাঘাত ঘটায়।

    পনিরে প্রচুর পরিমাণে ‘কেসিন’ থাকে, যে প্রোটিন ধীরগতিতে হজম হয়। যখনই আপনি রাজমা বা ছোলার মতো ডাল বা গোটাশস্য কিংবা রিফাইন্ড কার্বসের সঙ্গে পনির খাবেন, তখনই পেটের সমস্যা দেখা দেয়। আর ওজন বৃদ্ধি নির্ভর করে আপনি কতটা পরিমাণে পনির খাচ্ছেন তার উপর। তবে প্রত্যেকের হজমস্বাস্থ্য সমান নয়। তাই ভুল উপায়ে বা ভুল সময়ে পনির খেলে যে সবার একই সমস্যা হবে, এমনটা নয়।

  • Link to this news (এই সময়)