• রথের ছুটিতে প্রচুর ট্রেন বাতিল, চরম দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের, কোন রুটের কোন ট্রেন ক্যানসেল?
    News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
  • রথযাত্রা মানেই ছুটির মেজাজ। রথের দিন বা তার আশেপাশের ছুটির দিনগুলিতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে একটু এদিক-ওদিক ঘুরতে যেতে পছন্দ করেন। কিন্তু উৎসবের এই মরসুমেই দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীদের জন্য এল দুঃসংবাদ। আদ্রা ডিভিশনে শুরু হচ্ছে জরুরি পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজ। আর তার জেরে আগামী কয়েকদিন এই শাখায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকাল ও মেমু (MEMU) ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।

    উৎসবের দিনে বেশ কিছু রুটে ট্রেন বাতিল থাকায় বহু সাধারণ মানুষ ও দর্শনার্থীদের ঘোরতর সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আদ্রা ডিভিশনের উপর দিয়ে আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, খড়গপুর এবং টাটানগরের মতো বিস্তীর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলির রেল যোগাযোগ ব্যবস্থা ভীষণভাবে নির্ভরশীল। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ট্রেনগুলিতে যাতায়াত করেন। দক্ষিণ পূর্ব রেলের তরফে জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্র্যাকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য জুলাই মাসের কয়েকটি নির্দিষ্ট দিনে এই রুটের একাধিক ট্রেন চালান সম্ভব হবে না।

    আসানসোল-আদ্রা-আসানসোল মেমু (৬৮০৪৬/৬৮০৪৫): এই ট্রেনটি ১৩, ১৬, ১৭ এবং ১৯ জুলাই তারিখে সম্পূর্ণ বাতিল থাকবে। আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু (৬৮০৯০/৬৮০৮৯):এই ট্রেনটির পরিষেবা ১৪, ১৭ এবং ১৯ জুলাই বন্ধ থাকছে। আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু (৬৩৫৯৪/৬৩৫৯৩): এই ট্রেনটি বাতিল থাকবে ১৩ এবং ১৬ জুলাই। টাটানগর-আসানসোল মেমু (৬৮০৫৬): এই ট্রেনটি ১৪, ১৫ এবং ১৮ জুলাই যাত্রীদের পরিষেবা দিতে পারবে না। আদ্রা-ভাগা-আদ্রা মেমু (৬৮০৭৭/৬৮০৭৮): এই ট্রেনটি শুধুমাত্র ১৯ জুলাই বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

    পরপর বেশ কয়েকদিন, বিশেষ করে রথযাত্রার উৎসবের মধ্যে এতগুলি ট্রেন বাতিল থাকার কারণে যাত্রীদের বাধ্য হয়ে বাসের মত বিকল্প যানবাহনের উপর নির্ভর করতে হবে। ফলে রাস্তায় অতিরিক্ত ভিড় ও যানজটেরও সম্ভাবনা থাকছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) পক্ষ থেকে যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করা হয়েছে। রেল কর্তৃপক্ষের আবেদন, যাত্রীরা যেন গন্তব্যে বেরোনোর আগে ট্রেনের সময়সূচি আর একবার মিলিয়ে নেন, যাতে মাঝপথে গিয়ে তাঁদের বিনা কারণে হয়রানির শিকার না হতে হয়। পরিকাঠামো উন্নয়ন ও রেলের সুরক্ষার স্বার্থেই যে এই সাময়িক পদক্ষেপ, তা রেলের তরফে স্পষ্ট করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)