• হরমুজ়ে নিহত ভারতীয় নাবিক, ইরানের কূটনীতিককে তলব করে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা নয়াদিল্লির
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • হরমুজ়ে সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। এই ঘটনার প্রেক্ষিতে তেহরানের কূটনীতিককে তলব করল নয়াদিল্লি। গুরুতর জখমও হয়েছেন ৮ জন ক্রু মেম্বার। সরকারি সূত্রে খবর, নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত জাভেদ হুসেইনিকে তলব করা হয়। গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

    হরমুজ় প্রণালীর একটি অংশ ওমানের জলসীমার মধ্যে পড়ে। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সেই জলপথের দক্ষিণ দিকের শিপিং লেন ধরে যাচ্ছিল তাদের দু’টি তেলবাহী ট্যাঙ্কার ‘মোম্বাসা’ এবং ‘আল বাহিয়া’। ওই দু’টি ট্যাঙ্কারের উপরে হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজ দু’টিতে আগুন ধরে যায়। যে ৮ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে ৬ জন ভারতীয় এবং ২ জন ইউক্রেনের নাগরিক। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

    এই ঘটনার পরে ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোর উপর এই ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। উত্তেজনা কমিয়ে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে অবিলম্বে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে ভারত। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে জলপথে অবাধ ও নিরবচ্ছিন্ন বাণিজ্য বজায় রাখার কথাও বলেছে নয়াদিল্লি।

    অন্য দিকে ইরানের রেভলিউশনারি গার্ডস (আইআরজিসি) এই হামলার ঘটনার পরে আমেরিকার দিকেই আঙুল তুলেছে। তাদের দাবি, ওমান সীমান্তের কাছাকাছি যে ‘অবৈধ পথ’ দিয়ে জাহাজ চলাচল করানো হচ্ছে, তাতে আমেরিকার মদত রয়েছে। ইরানদের দাবি, ওই জলপথ অত্যন্ত বিপজ্জনক। সেখানে প্রচুর মাইন বিছানো রয়েছে বলেও দাবি করেছে তারা।

  • Link to this news (এই সময়)