• মহিলাকে হেনস্থার প্রতিবাদ করতেই ২০ কিমি ধাওয়া, লোহার রডের বাড়ি মেরে গাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • কখনও রোদ, কখনও বৃষ্টি। এমন মনোরম আবহাওয়ায় ছুটির দিনে সবাই মিলে পিকনিকের প্ল্যান ছিল গোটা পরিবারের। কিন্তু সেই পিকনিকের পরিকল্পনাই তাদের জন্য হয়ে উঠল দুঃস্বপ্ন। এক মহিলাকে যৌন হেনস্থার প্রতিবাদ করতেই দুষ্কৃতীদের নজরে পড়ে গোটা পরিবার। অভিযোগ, প্রায় ১৫ কিলোমিটার ধাওয়া করে হামলা চালায় গোটা গ্যাং। লোহার রড ও লাঠির বাড়ি মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। মারধরের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগও উঠেছে। এমনই ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছেন মহারাষ্ট্রের নাসিকের একটি পরিবার। ঘটনায় ইতিমধ্যেই নয়জনকে আটক করেছে পুলিশ, বাকিদের খোঁজ চলছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ইগতপুরী তালুকের ভাভলি ড্যাম ও জলপ্রপাত এলাকায় বেড়াতে গিয়েছিল নাসিকের এক পরিবার। আট সদস্য মিলে সেখানে জমিয়ে পিকনিকের পরিকল্পনা করেছিলেন। সুন্দর পরিবেশে চুটিয়ে আনন্দ করে ফেরার পথেই বাধে বিপত্তি। ফেরার সময়ে কয়েকজন স্থানীয় যুবক পরিবারের এক মহিলার প্রতি অশালীন মন্তব্য করে। শিস দিয়ে ডেকে অশালীন ইঙ্গিতও করে। অভিযোগ, ওই মহিলাকে যৌন হেনস্থাও করা হয়।

    মহিলার স্বামী এবং পরিবারের অন্য লোকজন তার প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে ওই দুই ব্যক্তি, পরে আশপাশের খাবারের দোকানে থাকা আরও কয়েকজন মিলে পরিবারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সংখ্যায় বেড়ে যায় হামলাকারীদের দল।

    পরিস্থিতির অবনতির কথা আঁচ করে প্রাণভয়ে পরিবারটি গাড়িতে উঠে এলাকা ছাড়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাদের পথ আটকে দেয়। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে এলেও রেহাই মেলেনি।

    অভিযোগ, বচসার পরে অভিযুক্তরা দল বেঁধে পরিবারের গাড়ির পিছু নেয়। প্রায় ১৫ কিলোমিটার ধরে ধাওয়া করার পরে একাধিক জায়গায় গাড়ি থামানোর চেষ্টা করে আবারও হামলা চালানো হয়। এক জায়গায় গাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলে একসঙ্গে লাঠি ও লোহার রড দিয়ে বাড়ি মারা শুরু হয়। লাঠি ও রডের আঘাতে গাড়ির উইন্ডশিল্ড ও জানলার কাচ ভেঙে যায়। পরিবারের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে মারধরেরও চেষ্টা করা হয়। গাড়ির ভিতরে মহিলা ও শিশুরাও ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা একেবারে ভয়ে সিঁটিয়ে যান। পরিবারের অভিযোগ, হামলার সময়ে ধস্তাধস্তির মধ্যে এক সদস্যের সোনার চেনও ছিনিয়ে নেওয়া হয়।

    হামলার মুখে ওই অবস্থাতেই কোনওরকমে গাড়ি চালিয়ে এগিয়ে যান পরিবারের সদস্যরা। পরে পথচলতি কয়েকজন পর্যটক ও স্থানীয় বাসিন্দা সাহায্যের জন্য এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এর পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

    পরিবারের অভিযোগের ভিত্তিতে ইগতপুরী পুলিশ মামলা রুজু করেছে। ইতিমধ্যেই ন'জন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পলাতক আরও একজনের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও খুনের মামলা রয়েছে। ঘটনায় হামলা, যৌন হেনস্থা, ভাঙচুর এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় তদন্ত এগোচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।

    ঘটনার পরে ভাভলি ড্যাম ও আশপাশের পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ছুটির দিনে ওই এলাকায় পর্যটকদের ভিড় থাকলেও পর্যাপ্ত পুলিশি নজরদারি থাকে না। এই ঘটনার পর ওই এলাকায় টহল বাড়ানোর দাবি উঠেছে।

  • Link to this news (এই সময়)