• Uber Cab: কলকাতা থেকে যাত্রী তুলেছিলেন, শান্তিনিকেতনে পৌঁছতেই... ক্যাব চালকের সাংঘাতিক অভিজ্ঞতা
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • Uber অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে চালককে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের কোপ। অন্তত অভিযোগ এমনই। শান্তিনিকেতনের চিপকুটি জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাবন রাম (৩৭) নামে ওই চালককে। ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। পাড়ুই থেকে উদ্ধার হয়েছে গাড়িটিও। মঙ্গলবার ভোরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তিন যাত্রীর বিরুদ্ধে চালককে মারধরের পাশাপাশি গাড়ি নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

    কলকাতার সায়েন্স সিটি এলাকার বাসিন্দা পাবন রাম। Uber-ক্যাব এর চালক। পাবন রামের অভিযোগ, সোমবার রাতে অ্যাপের মাধ্যমেই কলকাতা থেকে ‘ইন্টারসিটি’ বুকিং নেন তিনি। রাত তখন প্রায় ১১টা। তিন যাত্রী গাড়িতে ওঠেন। ভোরের দিকে শান্তিনিকেতন এলাকার চিপকুটি জঙ্গলে পৌঁছন।

    পাবনের অভিযোগ, ‘গাড়িতে তিন জন যাত্রী ছিলেন। ১১টায় গাড়িতে ওঠেন। ভোর সাড়ে ৪টে নাগাদ গন্তব্যে পৌঁছতেই এই ঘটনা ঘটে। জঙ্গলে ঢুকতেই ওঁরা বলে, গাড়ির চাবি, মানিব্যাগ আর মোবাইল ফোন দে। আমি দিয়ে দিই। কিন্তু গাড়ির চাবি খুলতেই মাথায় ছুরি দিয়ে কোপ মারে। পর পর তিন বার কোপ মারে। এর পরে গাড়ি নিয়ে বেরিয়ে যায়।’

    খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ চিপকুটি জঙ্গল এলাকা থেকে আহত পাবন রামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে পাড়ুই থানার খিরুলি এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। সেখানকার বাসিন্দা এসকে সলমন বলেন, ‘সকাল থেকে দেখছিলাম একটা সাদা গাড়ি দাঁড়িয়ে। এর প্রায় আধ ঘণ্টা পরে পুলিশ আসে। তখন জানতে পারি গাড়িটা চুরি হয়েছে।’ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)