• ব্রাউন সুগার নিয়ে গোলমাল, কালিয়াচকে শোরগোল
    আজকাল | ১৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ব্রাউন সুগারের ব্যবসাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবককে কুপিয়ে খুন এবং তাঁর ভাইকে গুরুতর জখম করার অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামে।

    ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আশরাফুল শেখ (৩২)। গুরুতর জখম হয়েছেন তাঁর ছোট ভাই সাদিকুল শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পরিবারের অভিযোগ, প্রতিবেশী পিলু শেখ মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ দুই ভাইকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর ধারালো হাসুয়া দিয়ে তাঁদের উপর এলোপাথাড়ি কোপানো হয়।

    ঘটনাস্থলেই আশরাফুল শেখের মৃত্যু হয়, আর গুরুতর আহত অবস্থায় সাদিকুল শেখকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের বাবা রাকিব শেখের দাবি, অভিযুক্ত পিলু শেখ এলাকায় ব্রাউন সুগারের কারবারের সঙ্গে যুক্ত।

    অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই, পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে।

    জানা গিয়েছে, অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (আজকাল)