আজকাল ওয়েবডেস্ক: পালাবদলের রাজ্যে, রদবদল নানা খাতে। সুরুচির পর এবার কলেজ স্কোয়ার? মঙ্গল সকাল থেকে তুঙ্গে জল্পনা। জল্পনা, এবার কলেজ স্কোয়ারের পুজোর চেয়ারম্যান করা হচ্ছে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে। জল্পনা ছড়াতেই আজকাল ডট ইন যোগাযোগ করেন কলেজ স্কোয়ার পুজো কমিটির সঙ্গে। পুজো সম্পাদক ভ্রমর সেন জানান, 'আমরা শমীক বাবুকে খুবই শ্রদ্ধা করি। তাঁর কথা বার্তায়,আচার আররণে মুগ্ধ। রাজনীতির বাইরে গিয়ে, তাঁকে চেয়ারম্যান করতে চাইছি আমরা। আমরা জানিয়েছি সেকথা। একইসঙ্গে বৃহস্পতিবার আমাদের খুঁটিপুজোতে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি উপস্থিত থাকবেন জানিয়েছেন।'
৭৯ বছরের পুজোয়, এবারেও প্রতিমা তৈরি করছেন সনাতন পাল। মধ্য কলকাতার এই সাবেকি পুজোয় কি তাহলে যুক্ত হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি? সূত্রের খবর, গ্রিণ সিগন্যাল এখনও এই বিষয়ে দেননি তিনি। গত কয়েকমাস ধরেই পুজো উদ্যোক্তারা তাঁকে চেয়ারম্যান পদে যুক্ত করার জন্য জানিয়েছিলেন। তবে তিনি ওই পদে থাকবেন কি না, তা নিশ্চিত করেননি। সূত্রের খবর, শমীকের মত, যে কোনও পুজোয় সেই এলাকার বিধায়করা যুক্ত হতে পারেন। কিন্তু কলেজ স্কোয়ারের পুজোয় নিজের থাকাকে নিজেই কার্যত সিলমোহর দিতে চাইছেন না।
অন্যদিকে, ভেঙে দেওয়া হয়েছে সুরুচি সংঘের পুজো কমিটি। বাদ দেওয়া হয় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সুরুচি সংঘের পুজো কমিটির নতুন সম্পাদক হলেন দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার।