রথে মিস হবে না পুরীর ট্রেন, নবদ্বীপবাসীর জন্য ৬ দিন স্পেশাল EMU লোকাল চালাচ্ছে রেল
আজ তক | ১৪ জুলাই ২০২৬
জল্পনা ছিল নবদ্বীপ ধাম স্টেশন থেকে সরাসরি পুরী স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেন চলবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল পরিকাঠামোগত অভাবের জেরে সেই পরিকল্পনা সফল হল না। তবে নবদ্বীপবাসী সহ আশেপাশের কয়েকটি জেলার মানুষকে একেবারে নিরাশ করল না রেল। ওই জেলাগুলির মানুষের জন্য পুরীগামী ট্রেনের কানেক্টিং ট্রেন দিল রেলওয়ে।
কাটোয়া-ব্যান্ডেল EMU লোকাল যাবে কলকাতা পর্যন্ত
গতকাল, ১৩ জুলাই থেকেই এই ট্রেনগুলি চালানো হচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই এই স্পেশাল EMU লোকাল চালানো হবে। ৩৭৭৫২ কাটোয়া-ব্যান্ডেল EMU লোকাল ৬টা ৫০ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে ব্যান্ডেল পৌঁছায় রাত ৯টার সময়। এই ট্রেনটিকেই সম্প্রসারিত করে কলকাতা স্টেশন পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রাত ৯টা ১০ মিনিটে ব্যান্ডেল স্টেশন ছেড়ে ট্রেনটি কলকাতা স্টেশনে পৌঁছবে ১০টা বেজে ৪০ মিনিটে।
কলকাতা-খুরদা রোড স্পেশাল
কলকাতা স্টেশন থেকে চালানো হচ্ছে একটি কলকাতা-খুরদা স্পেশাল ট্রেন। ০৩১০১ ট্রেনটি কলকাতা স্টেশন ছেড়ে রওনা দেয় রাত ১১টা ৫০ মিনিটে। ফলে কাটোয়া-ব্যান্ডেল-কলকাতা EMU লোকাল ধরে সহজেই এই ট্রেনটি ধরতে পারবেন যাত্রীরা। কারণ ট্রেনটি কলকাতা স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে ১০টা ৪০ মিনিটে। এক্ষেত্রে বাফার টাইম রয়েছে ১ ঘণ্টা ১০ মিনিট। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্পেশাল EMU ট্রেনটি যাত্রাপথে সবকটি স্টেশনেই থামবে।
কলকাতা-খুরদা রোড রথযাত্রা স্পেশাল ট্রেনটি ১১টা ৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে খুরদা রোডে পৌঁছবে পরের দিন সকাল ৯টা বেজে ৩৫ মিনিটে। ভুবনেশ্বর পৌঁছবে সকাল ৭টা বেজে ৪০ মিনিটে। যদিও ট্রেনটি মঙ্গলবারই প্রায় ৪ ঘণ্টা লেট করেছে। ভুবনেশ্বর ও খুরদা দুটি স্টেশন থেকেই পুরীর দূরত্ব ৫০ কিমির আশেপাশে। ট্রেনে করে দেড় থেকে আড়াই ঘণ্টার মধ্যেই পুরী পৌঁছতে পারবেন যাত্রীরা।
অন্যদিকে, রথ উপলক্ষে পুরী স্টেশনেও চলছে কর্মযজ্ঞ। আগত দর্শনার্থীদের ভিড় সামলাতে রেলের প্রস্তুতি সম্পন্ন। ৩০ হাজার যাত্রীর জন্য অস্থায়ী ওয়েটিং রুম থেকে শুরু করে পর্যাপ্ত টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে। পাশাপাশি খাবারের প্রাপ্যতা ও জলের সুবিধা নিশ্চিত করা হয়েছে।