• ১২৫ দিনের কাজে মিলবে অতিরিক্ত ৫০ দিনের কাজও? রাজ্যে এসে যা জানালেন শিবরাজ
    আজ তক | ১৪ জুলাই ২০২৬
  • মঙ্গলবার নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উঠে এসেছে আবাস যোজনা থেকে শুরু করে ১২৫ দিনের কাজের কথাও। জানা গিয়েছে, ভিবি-জি রাম জি প্রকল্পের কাজে রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতেই গা-ছাড়া মনোভাব নিয়ে কাজ চলছিল। এবার সেই কাজ নিয়ে দাওয়াই দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। 

    শিবরাজ সিং এদিন অভিযোগ করেন, গত সরকারের আমলে রাজ্যে একাধিক কেন্দ্রীয় সরকারি স্কিম লাগু করা যায়নি। কিন্তু এখন রাজ্যে কাজ শুরু হচ্ছে বলেও শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। TMC সরকারকে নিশানা করে শিবরাজ সিং চৌহান জানান,  "কেন্দ্র আগেও টাকা দিয়েছে, কিন্তু রাজ্যের নেতাদের দুর্নীতির কারণে সাধারণ মানুষ বঞ্চিতই থেকেছেন।"

    ভিবি-জি রাম জি'তে ৫০ দিনের বাড়তি কাজ

    এদিন বড় ঘোষণা করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, ১২৫ দিনের কাজ তো শ্রমিকেরা পাবেই। কিন্তু যদি কোনও প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ধরে নেওয়া যাক এল-নিনোর কোনও প্রভাব পড়ে, বা কোনও জেলায় কোনও দুর্যোগ হয়, সেক্ষেত্রে আরও ৫০ দিন অতিরিক্ত দেওয়া হবে। পাশাপাশি ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত মাত্র ৯ মাসে ভিবি-জি রাম জি প্রকল্পের আওতায় বাংলা ৮,৫০০ কোটি টাকার বেশি পাবে বলেও আশ্বাস দিয়েছেন শিবরাজ সিং চৌহান।

    তিনি জানান, পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া বিকশিত ভারত সম্ভব না। এই প্রকল্পে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ হওয়ায় শুধু যে মানুষের হাতে টাকা যাবে তা নয়, এরফলে গ্রামের রাস্তাঘাট, পুকুর, স্কুল-সহ সামগ্রিক গ্রামেরই উন্নতি হবে বলেও আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

    অন্যদিকে, যৌথ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার জানিয়েছেন, বাংলার জন্য আবাস যোজনায় ১ লক্ষ বাড়ি তৈরির টাকা ছেড়েছে কেন্দ্র। এর পাশাপাশি, , রাজ্যে ২ কোটি ৫৬ লক্ষ মানুষকে জব কার্ডের জন্য সিলেকশন করা হয়েছে। এছাড়াও গ্রাম সড়ক যোজনার আওতায় কেন্দ্র ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে যে জটিলতা ছিল, তা ধীরে ধীরে কাটছে। ফলে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং আবাস, এই তিন ক্ষেত্রেই নতুন গতি আসবে।

     
  • Link to this news (আজ তক)