• এনকাউন্টারে প্রভাসের মৃত্যু, এবার ৩ অভিযুক্তকে নিয়ে বারুইপুর কাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ
    প্রতিদিন | ১৪ জুলাই ২০২৬
  • বারুইপুর গণধর্ষণ এবং খুনের (Baruipur Incident) তদন্তে ফের অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে তিন অভিযুক্ত আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবীর মোল্লাকে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। সিআইডি এবং ফরেনসিকের কর্তাদের উপস্থিতিতেই চলে গোটা প্রক্রিয়া। এর আগে এই ঘটনার পুনর্নির্মাণ করার সময় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এরমধ্যেই এদিন তিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যান তদন্তকারীরা। আধিকারিকদের কথায়, তদন্তের স্বার্থে এই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বারুইপুর কাণ্ডের তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। তাতে দেখা গিয়েছিল নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডল নামে এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রভাসকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। শুধু তাই নয়, প্রভাসকে জেরা করেই একে একে আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবীর মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই এদিন সকালে ধৃত তিনজনকে ঘটনাস্থলে নিয়ে যান সিটের আধিকারিকরা। কীভাবে কোথায় এই খুনের ঘটনা তা সবটাই তদন্তকারীদের তিন অভিযুক্ত দেখিয়ে দেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে।

    এদিকে পুনর্নির্মাণের সময় যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, চলতি মাসের শুরুতেই বারুইপুরের একটি পুকুর থেকে এক  নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধপধপি এলাকা। নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে অববোধ করেন, চলে রেল অবরোধও। ঘটনার খবর কানে পৌঁছতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন নির্যাতিতার বাবার সঙ্গে। দ্রুত বিচারের আশ্বাস দেন। 
  • Link to this news (প্রতিদিন)