তারকেশ্বরের শ্রাবণী মেলায় এবার ভক্তদের জন্য কী বড় চমক? জানুন নতুন ব্যবস্থার খুঁটিনাটি
News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
শ্রাবণী মেলাকে সামনে রেখে তারকেশ্বরগামী ভক্তদের জন্য ১১ হাজার বর্গফুট জায়গায় তৈরি হচ্ছে কামার কুন্ডুর সেবা শিবির। এই শিবিরে ৭০০টি চেয়ার এবং ৩০টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। একসঙ্গে প্রায় তিন হাজার মানুষ এই শিবিরে থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
পুরুষ ও মহিলাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা ও শৌচালয় রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে ভাণ্ডারার ব্যবস্থা। ভক্তরা কাঁধে করে যে বাখ নিয়ে আসবেন, তা রাখার জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছে।
শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তা জুড়ে চারটি বড় সেবা শিবির তৈরি করা হচ্ছে। প্রতি দুই কিলোমিটার অন্তর একটি করে সেবা কেন্দ্র থাকবে। প্রতিটি সেবা শিবির ও সেবা কেন্দ্রে চিকিৎসক ও পুলিশ মোতায়েন থাকবেন।
এছাড়া ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাও রাখা হয়েছে, যেখানে ইসিজি ও অক্সিজেনের সুবিধা থাকবে। রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। মন্দিরের কাছাকাছি মাঠেও আরও চারটি বড় সেবা ক্যাম্প তৈরি করা হয়েছে।
তারকেশ্বরের শ্রাবণী মেলায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অনেক লোক রয়েছে যারা ভগবানকেও ঢিল মারে।” তিনি জানান, তারকেশ্বর ধামকে নতুন রূপ দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য দফতর-সহ সরকারের বিভিন্ন দফতরকে সেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আগের সরকার এক চোখ বন্ধ করে রেখেছিলেন। তারকেশ্বর এতদিন অবহেলিত ছিল। এবার পুণ্যার্থীদের জন্য সরকারি সেবা কেন্দ্র থাকবে। আগামী দিনে মেলাকে আন্তর্জাতিক রূপ দেওয়া হবে। সেজে উঠবে তারকেশ্বর ধাম। আগের সরকার শুধু তোষণ করেছে। তারকেশ্বরের উন্নয়নে কিছু করেনি। আমরা তারকেশ্বরে উন্নয়নে অনেক কিছু করব। বাংলাতে তীর্থক্ষেত্র সার্কিট করা হবে।”