বারুইপুর কাণ্ডে ফের ঘটনার পুনর্নির্মাণ, ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে আজ ফের অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবেন তদন্তকারীরা। এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত আনন্দ সরদার, দিবাকর মণ্ডল ও কবীর মোল্লাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে SIT। তদন্তের স্বার্থে এই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ। গত কয়েকদিন আগে, এই ঘটনার পুর্ননির্মাণ করতে গিয়েই এনকাউন্টারে মৃত্যু হয় ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের৷
পুনর্নির্মাণ প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন SIT-র সদস্যরা। পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে থাকবেন বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনর্নির্মাণের সময় যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে।
পুলিশ আধিকারিকদের মতে, এর আগে প্রভাস মণ্ডলকে নিয়ে পুনর্নির্মাণের সময় যে ঘটনা ঘটেছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার দিনের আলোয় পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। CID টিম-সহ তদন্তকারীরা এসে পৌঁছলেন সূর্যপুরে, রেলগেট থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার হেঁটে ঘটনাস্থলের দিকে অভিযুক্তদের নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে৷
সূর্যপুরে পৌঁছালো সিআইডির ফরেনসিক দল। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আনন্দ সরদার, দিবাকর মণ্ডল এবং কবির মোল্লাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সিআইডির তদন্তকারী আধিকারিকরা। মূলত ঘটনার পুনর্নির্মাণ করার জন্যই ঘটনাস্থলে পৌঁছায়। এর পাশাপাশি কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালিয়েছিল তারও তদন্ত করবে সিআইডির প্রতিনিধি দল।
প্রসঙ্গত, গত ৭ জুলাই এই ঘটনার পুননির্মান করতে গিয়ে মৃত্যু হয় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের৷ পুলিশের দাবি, ক্রাইম সিন রি-কনস্ট্রাকশনের সময় সিট সদস্য রনি সরকারের রিভলবার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। অভিযোগ, সে গুলিও চালায়। এরপর আত্মরক্ষায় অর্ঘ্য মন্ডল গুলি চালালে আহত হয় প্রভাস। তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।