প্রচুর পরিমাণে রুপো মিলল হাওড়া মেট্রো স্টেশন থেকে। মেট্রো সূত্রে খবর, সব মিলিয়ে ৬ কেজি ৪০০ গ্রাম ওজনের রুপোর বাট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য অন্তত ১৪ লক্ষ টাকা। এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম অতনু পাত্র। মঙ্গলবার তাঁকে হাওড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ধৃতের বাড়ি। সোমবার দুপুরে একটি হাতব্যাগে করে ওই রূপোর বাট নিয়ে যাওয়ার সময় স্টেশনের স্ক্যানিং মেশিনে বিষয়টি ধরা পড়ে। তৎক্ষণাৎ আরপিএফ বা রেল রক্ষী বাহিনী ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে। তাতেই দেখা যায়, ব্যাগের ভিতরে বিপুল পরিমাণে রুপো রয়েছে। আরপিএফ ওই ব্যক্তির কাছে ওই রুপোর কাগজপত্র দেখতে চায়। কিন্তু অভিযোগ, ওই ব্যক্তি সে রকম কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁর কথাবার্তাতেও নানা রকম অসঙ্গতি ছিল। এর পরেই ওই ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া রুপোর বাট বাজেয়াপ্ত করা হয়য়েছে। এই পরিমাণ অতনু কোথা থেকে নিয়ে আসছিলেন, কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি কোনও ভাবে পাচার কারবারের সঙ্গে জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, তাঁর সঙ্গে আর কেউ জড়িত কি না।