• ‘যোগীজিকে দেখে উৎসাহ পাই’, মহাকাল-কাশী বিশ্বনাথের আদলে তারকেশ্বর সাজানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • গোটা দেশ থেকে উজ্জয়িনীর মহাকাল, কাশীর বিশ্বনাথ মন্দির দর্শনে যান ভক্তরা। সেই ভাবেই তারকেশ্বর মন্দিরকে সাজিয়ে তোলা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শ্রাবণী মেলার উদ্বোধন করে তিনি বললেন, ‘আগের সরকার চোখ বন্ধ করে রেখেছিল। এ বার তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে।’ শ্রাবণী মেলাকে জাতীয় মেলার উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

    এ দিন শুভেন্দুর গলায় ছিল রুদ্রাক্ষের মালা। কপালে তিলক। তারকনাথের মহিমা কীর্তন করে বক্তব্য শুরু করেন তিনি। তোপ দাগেন পূর্বতন তৃণমূল সরকারকেও। শুভেন্দু সরাসরি বলে দেন, ‘বাঁক কাঁধে ৩০ কিলোমিটার পথ হেঁটে ভক্তরা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আসেন। কিন্তু আগের সরকার কয়েকটা সিভিক ভলান্টিয়ার নামিয়ে ট্র্যাফিক কন্ট্রোল করা ছাড়া কিছুই করেনি।’

    তৃণমূল জমানায় তোষনের রাজনীতি চলত বলেও পরোক্ষে ইঙ্গিত দেন শুভেন্দু। তাঁর কথায়, ‘বিগত সরকার সব সময়ে একটা চোখ বন্ধ করে রাখত। রাজা, জমিদারি চলে গিয়েছে। লোকধর্ম পালন করতে হয়। কোনও সরকারেরই একচোখ বন্ধ করে রাখা উচিত নয়।’ এর পরেই কাশী বিশ্বনাথ মন্দির, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে মহাকাল মন্দির, বিশ্বনাথ মন্দির নব সাজে সেজে উঠেছে। তারকেশ্বর মন্দিরকেও আমরা সেই ভাবে সাজিয়ে তুলব।’

    কানওয়ার যাত্রার সময়ে প্রতিবছর পুষ্পবৃষ্টির আয়োজন করে উত্তরপ্রদেশ সরকার। শুভেন্দুর কথায়, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখে আমিও উৎসাহিত, অনুপ্রাণিত হয়েছি। আবহাওয়া ভালো থাকলে প্রত্যেক সোমবার পুণ্যার্থীদের উপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে।’ একই সঙ্গে শেওড়াফুলি থেকে তারকেশ্বর ধাম পর্যন্ত প্রতি পাঁচ কিলোমিটার অন্তর সরকারি সেবাকেন্দ্র থাকবে বলেও জানান তিনি। ভক্তদের জল, ওআরএসের ব্যবস্থা করা হবে।

    দেশ-বিদেশের পর্যটক টানতে তীর্থক্ষেত্র সার্কিট তৈরির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ দিনও তিনি বলেন, ‘মুর্শিদাবাদের কিরীটেশ্বরী, কোচবিহারের মদনমোহন জিউ থেকে জলপাইগুড়ির জল্পেশ হয়ে বীরভূমের তারাপীঠ পর্যন্ত সাজানো হবে। এর জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’ তিনি আরও দাবি করেন, বর্তমান সরকারের মাত্র ৬৫ দিন বয়স। তাই কিছু কাজ বাকি থাকলে আগামী দিনে তা বাস্তবায়িত করা হবে বলেও আশ্বাস তাঁর।

  • Link to this news (এই সময়)