• হাওড়া মেট্রো স্টেশনে যাত্রীর আচরণে সন্দেহ পুলিশের, ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ!
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া মেট্রো স্টেশনে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৬ রুপোর বাট উদ্ধার করল রেল পুলিশ। বর্তমানে যার বাজারমূল্য ১৩ লক্ষ টাকার বেশি। পরে ওই ব্যক্তিকে গোলাবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

    হাওড়া মেট্রো স্টেশনে সারাদিনই যাত্রীদের ভিড় থাকে। আজ সকালে মেট্রো স্টেশনে ঢোকার পথে এক যাত্রীর আচরণ দেখে সন্দেহ হয় কর্তব্যরত আরপিএফ জওয়ানদের। ওই যাত্রীর হাতে একটি ব্যাগ ছিল। নিয়ম অনুযায়ী ব্যাগ স্ক্যান না করিয়ে গেটের দিকে এগিয়ে যান তিনি।

    স্বাভাবিকভাবে ওই যাত্রীর পথ আটকায় আরপিএফ। ব্যাগ স্ক্যান করতে গিয়ে ওই বিশাল পরিমাণ রুপো উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় আরপিএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল্যবান এই ধাতু কেনার কোনও রশিদ বা উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেননি জনৈক যাত্রী। পরে তাঁকে স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)