কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে তাঁর সঙ্গে রয়েছেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। সোনমের অনশন ১৭ দিনে পড়েছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে তাঁর শরীর। উঠছে অনশন প্রত্যাহারের দাবি। এর মধ্যেই মঙ্গলবার সোনমকে ফোন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর জানিয়ে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘স্যরকে মনোবল অটুট রাখতে বলেছেন মমতা দিদি।’
সোনমের সঙ্গে মমতার ফোনালাপের কথা জানিয়ে X হ্যান্ডলে একটি পোস্ট করেছেন অভিজিৎ। তিনি লিখেছেন, ‘সোনম স্যরের সঙ্গে ফোনে কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি।’ ককরোচ জনতা পার্টির আন্দোলনকে মমতা পূর্ণ সমর্থন জানিয়েছেন বলেও দাবি করেন অভিজিৎ। তাঁর কথায়, ‘সোনম স্যরকে মনোবল অটুট রাখার আহ্বান জানিয়েছেন মমতাদিদি। পাশাপাশি ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকেও পূর্ণ সমর্থন এবং সংহতি জানিয়েছেন তিনি।’
সোনম ওয়াংচুকও মমতাকে ধন্যবাদ জানিয়েছেন। অভিজিৎ লিখেছেন, ‘জবাবে সোনম স্যর বলেছেন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়ানোর মমতা দিদিকে আন্তরিক ধন্যবাদ।’ উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তরমন্তরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনের শুরু থেকেই তাদের পাশে রয়েছেন সোনম। পরে তিনি ঘোষণা করেন, ২৭ জুনের মধ্যে কেন্দ্র সরকার সন্তোষজনক জবাব না-দিলে তিনি অনশনে বসবেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও কেন্দ্রের তরফে কোনও সাড়া না মেলায় ২৮ জুন থেকে অনশন শুরু করেন তিনি।
সোনমের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে আগেই জানিয়েছেন অভিজিৎ। তাঁর দাবি, অনশন শুরুর পর থেকেই ওয়াংচুকের ওজন প্রায় সাড়ে আট কেজি কমে গিয়েছে। শরীরের পেশির ক্ষয় শুরু হয়েছে। তবুও অনশন ভাঙতে রাজি নন তিনি। উল্টে ওয়াংচুকের প্রশ্ন, সরকারের আলোচনায় বসতে এত অনীহা কেন?
ওয়াংচুকের এই আন্দোলনের প্রতি ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে দেশের বিরোধী শিবিরের একাধিক নেতা-নেত্রী। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আপ নেত্রী অতিশী, সিপিএম সাংসদ অমরারাম এবং শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। সোনম ওয়াংচুকের সঙ্গে ফোনে কথা বলে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আন্দোলনের প্রতি নিজের সমর্থনও জানিয়েছেন তিনি।