হাসপাতালে এবার বাধ্যতামূলক পরিচয়পত্র? দাবি শমীকের...
আজকাল | ১৫ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: সরকারি হোক বা বেসরকারি, চিকিৎসার আগে রোগীর 'বৈধ' পরিচয়পত্র যথাযথভাবে যাচাই করা উচিত। এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
মঙ্গলবার নদিয়ার কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে রোবোটিক হাঁটু প্রতিস্থাপন পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই বার্তা দেন। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
এদিন কল্যাণী বেসরকারি জেনারেল হাসপাতাল ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে আয়োজিত অনুষ্ঠানে নতুন রোবোটিক সার্জারি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শমীক ভট্টাচার্য।
হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকাগুলিতে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।"
শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে প্রবেশ করে ভুয়ো বা অন্যের পরিচয়পত্র ব্যবহার করার চেষ্টা করছেন। তাঁর আশঙ্কা, চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও এই ধরনের জাল বা ভুয়ো নথি ব্যবহার হতে পারে। তাই সরকারি ও বেসরকারি উভয় ধরনের হাসপাতালকেই রোগীর পরিচয়পত্র, বিশেষ করে আধার কার্ড বা অন্য বৈধ নথি, সঠিকভাবে যাচাই করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, " সীমান্তবর্তী জেলাগুলিতে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি ভবিষ্যতে নানা বিতর্ক ও সমস্যার সৃষ্টি করতে পারে। তাই হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নেওয়া জরুরি।"
রোবোটিক হাঁটু প্রতিস্থাপন পরিষেবার সূচনাকে স্বাগত জানিয়ে শমীক ভট্টাচার্য বলেন, " আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য হওয়া প্রয়োজন।" একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে রোগীর পরিচয় যাচাইয়ের বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।