• ব্যারাকপুর টু ধর্মতলা এবার আরও সহজ! চালু হল নতুন ৩ নন-এসি বাস, দেখে নিন সময়সূচি
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • : পরিবহন দফতরে চুরি বন্ধ হলে ‘সোনার বাস’ চালানো সম্ভব। ব্যারাকপুরে নতুন S-11B রুটের বাস উদ্বোধনের পর দাবি পরিবহন মন্ত্রী অর্জুন সিং-এর। ব্যারাকপুর থেকে ধর্মতলা (এসপ্ল্যানেড) পর্যন্ত যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে চালু হল রাজ্য সরকারের নতুন S-11B বাস পরিষেবা। মঙ্গলবার ব্যারাকপুর নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন রুটের তিনটি সরকারি বাসের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

    নতুন এই বাস পরিষেবা ব্যারাকপুর পুরনো কোর্ট সংলগ্ন বাস টার্মিনাল থেকে সোদপুর, ডানলপ, শ্যামবাজার ও সেন্ট্রাল মেট্রো স্টেশন হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করবে। প্রাথমিকভাবে তিনটি নন-এসি বাস এই রুটে পরিষেবা দেবে। সকাল ৫টা ৪৫ মিনিট, ৬টা এবং ৬টা ৩০ মিনিটে ব্যারাকপুর থেকে বাস ছাড়বে। অন্যদিকে, বিকেল ৫টা, ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টায় এসপ্ল্যানেড থেকে ফিরতি বাস আসবে।

    বাস উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন, “পরিবহন দফতরে চুরি বন্ধ করা সম্ভব হলে সোনার বাসও চালানো সম্ভব।” তাঁর দাবি, পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য। এছাড়াও মন্ত্রী জানান, দুর্গাপুজোর আগেই কেন্দ্রীয় সরকারের সহায়তায় ৪৬৮টি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সরকারি বাস রাজ্যের রাস্তায় নামানো হবে। ওই বাসগুলিতে মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা-সহ একাধিক আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।মন্ত্রী আরও বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপরিবহন পরিষেবা সম্প্রসারণ এবং যাত্রীদের নিরাপদ, দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে পরিবহন দপ্তর একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ব্যারাকপুর-এসপ্ল্যানেড নতুন বাস পরিষেবাও সেই উদ্যোগেরই অংশ।

    নতুন এই রুট চালু হওয়ায় ব্যারাকপুর ও সংলগ্ন এলাকার হাজার হাজার নিত্যযাত্রীর কলকাতার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছে পরিবহন দফতর। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে শিল্পাঞ্চলের মানুষের অনেকটাই উপকার হবে। কলকাতায় প্রয়োজনে গিয়ে ফিরতি পথে অনেক সময় হয়রানির শিকার হতে হয় এবার এক বাসেই পৌঁছন যাবে বাড়ি।
  • Link to this news (News18 বাংলা)