• চ্যাম্পিয়ন হওয়ার মূল্য চোকাচ্ছেন মেসিরা? কেন বিশ্বকাপে আর্জেন্তিনার বিরুদ্ধে এত বিদ্বেষ?
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • একটা সময়ে লিওনেল মেসির গল্প ছিল অপূর্ণতার। দু’দশক ধরে বার্সেলোনার হয়ে অবিশ্বাস্য পারফর্ম্যান্স করে নিজেকে প্রমাণ করেছেন। জিতেছেন অসংখ্য ট্রফি। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। কিন্তু আর্জেন্তিনার হয়ে মেসি ছিলেন ‘ট্র্যাজিক হিরো।’ জাতীয় দলের হয়ে ব্যর্থতা যেন সেই সমালোচনাকে আরও জোরালো করে তুলত। ছবিটা পাল্টায় ২০২২ সালে। সমস্ত বাধা টপকে লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা।

    কিন্তু তার পরেই একেবারে উলটপুরাণ। মেসির বিশ্বজয়ের জন্য গলা ফাটিয়েছিলেন যে ফুটবলপ্রেমীরা, তাঁরাই এখন আর্জেন্তিনার বিপক্ষে। মেসিদের প্রতিটা ম্যাচ নিয়ে এখন চলে ‘কনস্পিরেসি থিয়োরি।’ রেফারিং থেকে VAR, সবেতেই জোটে ‘Rigged’ তকমা। কেন বিশ্বকাপে আর্জেন্তিনার বিরুদ্ধে এত বিদ্বেষ? চ্যাম্পিয়ন হওয়ার মূল্য চোকাচ্ছেন মেসিরা?

    হারতে থাকা মেসির পাশে ছিল গোটা ফুটবল বিশ্ব

    ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের পরে গোটা ফুটবলবিশ্ব মেসির জন্য সহানুভূতি দেখিয়েছিল। ২০১৫ ও ২০১৬ সালে টানা দু’বার কোপা আমেরিকার ফাইনালে হারার পরে আরও বেড়ে যায় সেটা। দ্বিতীয়বার কোপা হেরে মেসি যখন সাময়িকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন, তখন বিপক্ষ দলের সমর্থকরাও তাঁকে ফিরে আসার অনুরোধ করেছিলেন। অনেকেরই মনে হয়েছিল মেসি দুর্ভাগ্যের শিকার।

    ট্রফি জিততেই বদলে গেল সব কিছু

    এর পরেই শুরু হয় পরিবর্তনের গল্প। ২০২১ সালে কোপা আমেরিকা জেতে আর্জেন্তিনা। ২০২২ সালে জেতে ফাইনালিসিমা। ওই বছরেই আর্জেন্তিনা জেতে বিশ্বকাপ। মেসির রূপকথার গল্প যেন পূর্ণতা পায়। কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করে ফুটবলবিশ্বের মনোভাব।

    নায়ক থেকে ভিলেন

    ফুটবল সব সময় প্রত্যাবর্তনের গল্প ভালোবাসে। কিন্তু অনেকদিন ধরে যদি একটা দল সাফল্য ধরে রাখে, তা অনেকের কাছেই সহজে গ্রহণযোগ্য হয় না। যে সমর্থকরা এক সময় ফাইনালে হারার জন্য আর্জেন্তিনাকে কটাক্ষ করতেন, তাঁরাই এখন মেসিদের বিরুদ্ধে। যাঁরা মেসির বিশ্বকাপ জয়ের জন্য অপেক্ষা করেছিলেন, তাঁদের মধ্যেই এখন অনেকে আর্জেন্তিনার ছিটকে যাওয়ার কামনা করেন। এক সময়ের ফুটবলের অন্যতম জনপ্রিয় ‘আন্ডারডগ’ টিমই ধীরে ধীরে অনেকের চোখে ‘ভিলেন’-এ পরিণত হয়েছে।

    বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপ জয়?

    কাতার বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্তিনার প্রায় প্রতিটি বড় সাফল্যকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা হয়েছে। সমালোচকদের একাংশ দাবি করতে শুরু করেন, ২০২২ সালের বিশ্বকাপ নাকি এমনভাবে, ‘সাজানো’ হয়েছিল যাতে মেসি ট্রফি জিততে পারেন।

    চলতি বিশ্বকাপে আরও বেড়েছে সেই সমালোচনা। বিশেষত এই বিশ্বকাপে আর্জেন্তিনা যে পেনাল্টিগুলি পেয়েছে, তা নিয়ে বিশ্ব জুড়ে তুমুল আলোচনা হয়। রেফারিং ও VAR নিয়ে কাটাছেঁড়া হয়। অনেকেই এগুলিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করেন। অথচ ইতিহাস বলছে, পেনাল্টি বা বিতর্কিত সিদ্ধান্ত থেকে লাভবান হওয়া প্রথম দল আর্জেন্তিনা নয়।

    অন্যদের ক্ষেত্রে স্বাভাবিক, আর্জেন্তিনার ক্ষেত্রে বিতর্ক?

    ফুটবল ইতিহাসে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো বিশ্বচ্যাম্পিয়ন দলগুলির ট্রফি জয়ের সঙ্গেও একাধিক বিতর্ক জড়িয়ে রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আর্জেন্তিনার সাফল্যকেই সন্দেহের চোখে দেখা হয়। জোসে মৌরিনহো বা জ্লাতান ইব্রাহিমোভিচদের বিতর্কিত আচরণ নিয়ে চলে চর্চা। কিন্তু আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের আচরণ হয়ে ওঠে বিতর্কের কেন্দ্রবিন্দু।

    চ্যাম্পিয়ন হওয়ার মূল্য চোকাচ্ছে আর্জেন্তিনা?

    ফুটবলপ্রেমীরাই এক সময়ে এই আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চেয়েছিলেন। সবাই চেয়েছিলেন মেসির হাতে উঠুক বিশ্বকাপ। আর্জেন্তিনা আবার বিশ্বফুটবলের শীর্ষে ফিরুক। সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু সেই বাস্তবতাই যেন অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে।

    ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমি ফাইনাল। ইংল্যান্ড বহু বছরের ট্রফি খরা কাটাতে চায়। এমবাপে-দেম্বেলে-ওলিসেদের উপরে ভরসা করে ফ্রান্স ফের বিশ্বসেরা হতে চায়। স্পেন আবার তারুণ্যের উপরে ভরসা করে বিশ্বফুটবলে নিজেদের আধিপত্য দেখাতে চায়। আর এই প্রতিটি স্বপ্নের সামনে এখন বাধা আর্জেন্তিনা। তাই মিম, অভিযোগ, রেফারিং নিয়ে বিতর্ক কিংবা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা— এ সব বাড়ছে উত্তরোত্তর।

    এক সময়ে আর্জেন্তিনা ছিল ফুটবলের ট্র্যাজিক দল। এখন তারা বিশ্বচ্যাম্পিয়ন। যখন তারা হারছিল, তখন বিশ্ব তাদের ভালোবেসেছে। মেসি বিশ্বকাপ জেতার পরে সবাই মেতেছিলেন সেলিব্রেশনে। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন চক্ষুশুল ফুটবলপ্রেমীদের একাংশের। তাই বিশেষজ্ঞদের একাংশের মতে চ্যাম্পিয়ন হওয়ার মূল্য চোকাচ্ছে আর্জেন্তিনা। তাই চলতি বিশ্বকাপে এত বিদ্বেষ আর্জেন্তিনাকে নিয়ে।
  • Link to this news (এই সময়)