• ভিআইপি সংস্কৃতিকে বিদায়! রথের আগে যানজট রুখতে স্কুটিতেই টহল খড়গপুরের দাপুটে লেডি অফিসারের
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • ঠিক যেন সিনেমার ‘দাবাং’ অফিসার! তবে ইনি রূপোলি পর্দার কেউ নন, বাস্তবের কড়াকড়ি আর সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছনোর এক অনন্য নজির গড়লেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো। দামি এসি গাড়ির বিলাসবহুল স্বাচ্ছন্দ্য ছেড়ে তিনি বেছে নিলেন সাধারণ স্কুটি। আর তাঁকে এই রূপে দেখে রীতিমত অবাক বেলদাবাসী।

    খড়গপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন থানা এলাকা পরিদর্শনে নেমেছেন বুশারা বানো। সামনেই রথযাত্রা, সেই উপলক্ষে মঙ্গলবার দুপুরে বেলদা পুলিশ মহকুমা এলাকার বেলদা থানায় আসেন তিনি। রথযাত্রার সময় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় এবং যানজট মুক্ত করে ট্রাফিক ব্যবস্থা যাতে ভাল থাকে, সেই কারণেই আগেভাগে প্রস্তাবিত রাস্তাগুলি সরেজমিনে ঘুরে দেখার সিদ্ধান্ত নেন।

    তবে সবচেয়ে বড় চমক ছিল তাঁর পরিদর্শনের ধরনে। চারচাকা গাড়ির বদলে নিজে একটি স্কুটি চালিয়ে অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি। বেলদা থানা এলাকার কেশিয়াড়ি মোড়, বেলদা বাস স্ট্যান্ড এবং জাতীয় সড়ক সহ পাঁচ কিলোমিটারেরও বেশি রাস্তা স্কুটি চালিয়েই পরিদর্শন করেন এই দাপুটে পুলিশ কর্তা।

    নিজে নিয়ম মেনে মাথায় হেলমেট পরেছিলেন এবং রাস্তায় অন্যান্য বাইক আরোহীদেরও হেলমেট পরার বিষয়ে কড়া বার্তা দেন। ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ বা নিরাপদ যান চলাচল নিয়েও প্রচার চালান তিনি। পাশাপাশি, বেলদা ইসকনের ভক্তদের সঙ্গে আসন্ন রথযাত্রা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন।

    সব মিলিয়ে, পুলিশ কর্তার এমন মাটির কাছাকাছি থাকা এবং কর্তব্যপরায়ণ রূপ দেখে খুশি সাধারণ মানুষ। কোনও ভিআইপি সংস্কৃতির তোয়াক্কা না করে, একেবারে সাধারণ মানুষের মত পথে নেমে কাজ করা এই ‘দাবাং’ লেডি অফিসার এখন গোটা এলাকার চর্চার কেন্দ্রে।
  • Link to this news (News18 বাংলা)