• রাহুল অরুণোদয়ের স্মৃতিতে টেকনিশিয়ান-শিল্পীদের জন্য স্বাস্থ্য কার্ড! কী কী সুবিধা মিলবে আজকাল ডট ইনকে জানালেন বিদীপ্তা-দেবদূত
    আজকাল | ১৪ জুলাই ২০২৬
  • গত ২৯ মার্চ 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। বর্তমানে তাঁর মৃত্যুর তদন্ত চলছে। এর মধ্যেই তাঁকে বাঁচিয়ে রাখতে তাঁর সহকর্মী এবং আর্টিস্ট ফোরাম এক অভিনব পদক্ষেপ নিলেন।

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরও একাধিক শিল্পী শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বিভিন্ন সময়। এবার তাঁদের জন্যই বিশেষ পদক্ষেপ নিচ্ছে আর্টিস্ট ফোরাম। কী? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নামে একটি কার্ড আনছেন তাঁরা। এই খবরে সিলমোহর দিয়েছেন আর্টিস্ট ফোরামের সহকারী সম্পাদক দেবদূত ঘোষ এবং কার্যকরী সদস্যা বিদীপ্তা চক্রবর্তী।

    আজকাল ডট ইনের কাছে বিদীপ্তা চক্রবর্তী বলেন, "হ্যাঁ আমরা এমন একটা কার্ড আনছি। কাজ চলছে এই বিষয়ে। একটি সংস্থা আমাদের সঙ্গে টাই আপ করছে, কাজ করতে আগ্রহী হয়েছে।" মূল কী লক্ষ্য এই কার্ডের? অভিনেত্রী বলেন, "শুটিং চলাকালীন কোনও অ্যাক্সিডেন্ট বা ট্রমা জাতীয় কিছু ঘটলে তাঁদের সাহায্য করার জন্য এই কার্ড আনা হচ্ছে।"

    অন্যদিকে দেবদূত ঘোষ বলেন, "সমস্ত শিল্পীরা যাতে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা পায় সেই উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া। পুরো বিষয়টা দেখছেন আর্টিস্টস ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখার্জি।"

    কী কী সুবিধা পাওয়া যাবে এই স্বাস্থ্য কার্ডে? এই বিষয়ে বিদীপ্তা বলেন, "বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার বলে একটা কোম্পানি আমাদের সঙ্গে টাই আপ করতে চাইছে। তাঁরা আমাদের চিঠিতে একাধিক প্রস্তাব দিয়েছে, যেমন বিনামূল্যে বেড পাওয়া, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ৩০-৪০ শতাংশ ছাড়, ইত্যাদি। আমাদের তরফে এখন কিছু বদল আনা হচ্ছে। পুরোটা ফাইনাল হয়নি এখনও।

    ২৯ মার্চ তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। তাঁর এই আকস্মিক মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়ে যায়। সেই সময় এদিকে যেমন সেই ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তেমনই অন্যদিকে জোরকদমে চলতে থাকে তদন্তের কাজ। রাহুলের মৃত্যুর পর শিল্পী এবং টেকনিশিয়ানদের শুটিং ফ্লোরে কী করে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই নিয়ে একাধিক বৈঠক হয়েছে টলিউডে। এবার প্রয়াত অভিনেতার সহকর্মীরা এবং আর্টিস্টস ফোরামের তরফে এই বড় উদ্যোগ নেওয়া হতে চলেছে।
  • Link to this news (আজকাল)