• কী কী বই আছে লাইব্রেরিতে? খতিয়ান চেয়ে জারি নির্দেশ
    আজকাল | ১৫ জুলাই ২০২৬
  • বিউ সরকার: রাজ্যের সমস্ত গ্রন্থাগার থেকে সরিয়ে ফেলতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বই। রাজ্যে পালাবদলের পর এমনটাই ঘোষণা করা হয়েছিল সরকারি তরফে। এ বার রাজ্যের কোন গ্রন্থাগারে কী কী বই আছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিল রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিসেস। সমস্ত সরকারি এবং সাধারণ গ্রন্থাগারে বই, পত্রিকা, সাময়িকী-সহ সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য মঙ্গলবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    নির্দেশিকায় জানানো হয়েছে, পাঠকদের পছন্দমত বই, সাময়িকী অথবা পত্রিকা সমস্ত গ্রন্থাগারের রাখতে হবে। তাঁদের প্রয়োজন বুঝে গ্রন্থাগারগুলির আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। বর্তমান এবং ভবিষ্যৎ পাঠকদের জন্য অনুপযুক্ত বই চিহ্নিত করে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এ ছাড়া, কোন গ্রন্থাগারে কী বই রয়েছে, সেই সমস্ত তথ্য খতিয়ে দেখে খুব শীঘ্রই রিপোর্ট জমা দিতে হবে সরকারি দপ্তরে।

    রাজ্যের লাইব্রেরি সার্ভিসেস-এর ডিরেক্টরের তরফে এই নির্দেশিকা সব জেলা লাইব্রেরি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, স্টেট সেন্ট্রাল লাইব্রেরি-এর লাইব্রেরিয়ান এবং রাজ্যের সমস্ত সরকারি পাবলিক লাইব্রেরির দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে জারি করা হয়েছে। বলা হয়েছে যত দ্রুত সম্ভব এই নির্দেশ কার্যকর করতে হবে।

    উল্লেখ্য, দায়িত্বভার গ্রহণ করে আগেই রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছিলেন যেসব গ্রন্থাগারে তৎকালীন মমতা ব্যানার্জির বই রয়েছে, সেগুলি সরিয়ে ফেলা হবে। গ্রন্থাগারের শিক্ষামূলক বই থাকবে। সংগ্রহে থাকবে ভারতের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল ইসলাম-সহ অন্যান্য মনীষী বা প্রয়োজনীয় বই।
  • Link to this news (আজকাল)