মন্দিরে সন্ধ্যা আরতি চলার সময়েই মাটিতে লুটিয়ে পড়লেন পুরোহিত। সন্ধ্যা আরতি চলার সময়ে সেখানে উপস্থিত ছিলেন ভক্তরা। তাঁদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। রাঁচির এই ঘটনায় শোকের ছায়া ভক্তদের মনে। পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আরতি করার সময়েই হার্ট অ্যাটাক হয় ওই পুরোহিতের।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর,মৃতের নাম রজনীকান্ত মিশ্র। রাঁচির রাতু রোড এলাকায় (Ratu Road) মন্দিরে এই ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় সেখানকার ৯ নম্বর ইন্দ্রপুরী রোডের একটি মন্দিরে পুজো করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্য দিনের মতো ওই মন্দিরে সন্ধ্যা আরতি করছিলেন রজনীকান্ত মিশ্র। হঠাৎ নিজের বুক খামচে ধরেন তিনি। আরতি করার সময়ে, মুহূর্তের মধ্যেই, তিনি সেখানে মাটিতে লুটিয়ে পড়েন। পুজোর সময়েই এই ঘটনায় শোকাহত হয়ে পড়েন তাঁরা।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় অন্য দিনের তুলনায় কিছুটা বেশি ভিড় ছিল। মন্ত্র উচ্চারণের সঙ্গেই সেখানে আরতি করছিলেন ওই পুরোহিত। শাঁখও বাজান তিনি। তার পরেই হঠাৎ শরীর খারাপ করায় মন্দিরের মাটিতে শুয়ে পড়েন তিনি। সেই সময়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেই সময়ে অন্যদের সঙ্গে সেখানে ছিলেন এলাকার বিজেপি নেতা রমেশ সিং-ও। তাঁরাই তড়িঘড়ি ওই পুরোহিতকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। রমেশ সিং জানান, সেখানে নিয়ে যাওয়ার পরেই রজনীকান্ত মিশ্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই পুরোহিতের বলে জানান তাঁরা।
হৃদরোগে আক্রান্ত ( cardiac arrest) হয়ে রজনীকান্ত মিশ্রর মৃত্যুতে শোকে ছায়া স্থানীয়দের মনে। ভদ্র ব্যবহার এবং খুবই সাধারণ জীবনযাপন করার জন্য এলাকায় পরিচিত ছিলেন তিনি।