• ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, শ্রাবণের শুরুতেই বৃষ্টির ঘনঘটা বঙ্গে
    এই সময় | ১৫ জুলাই ২০২৬
  • বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে শ্রাবণ মাস। বর্ষার ঘনঘটা বাড়তে শুরু করবে এই সপ্তাহ থেকেই। উত্তর বঙ্গোপসাগরে আগেই তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত। দোসর হতে চলেছে নিম্নচাপ। যে কারণে গোটা সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে।

    উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গ–বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপটি গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাত্র ছয় দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে এটি দ্বিতীয় নিম্নচাপ। এই নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে ফের জোরালো বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।

    বুধবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে।

    বৃহস্পতিবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। একই দিনে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    শুক্রবার: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে শনিবার দুপুরের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে শনিবার সন্ধ্যা বা রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টির নতুন দফা শুরু হবে। রবিবার সকাল থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্য ভাবে বাড়বে। রবিবার দুপুর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী থেকে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে।

  • Link to this news (এই সময়)