• কীভাবে বুঝবে মনিব আর নেই, রাস্তায় একা দাঁড়িয়ে পথ চেয়ে রইল অবুঝ পোষ্য! দেখে কান্না পাবে...
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • আবারও বজ্রপাতে প্রাণ গেল বাঁকুড়া জেলায়। বর্ষা শুরু হতে না হতেই বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা। শোকাহত গোটা গ্রাম। বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের কেঞ্জাশোল গ্রামে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম আব্দুল বাউরি (৫৫)। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে অল্প দূরে মাঠে গবাদি পশু চরাতে গিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরের দিকে আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয় এবং আকাশে মেঘ জমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়।

    সেই সময় গবাদি পশু নিয়ে বাড়ি ফেরার পথে আচমকা বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন আব্দুল বাউরী। ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের তরফে জানানো হয়, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি গোটা গ্রামেই শোকের পরিবেশ তৈরি হয়েছে।

    খবর পেয়ে ইন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আনুষ্ঠানিক কারণ নিশ্চিত হবে বলে জানা গিয়েছে।

    বর্ষাকালে প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে। বিশেষ করে খোলা মাঠ, জলাশয় বা উঁচু স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবুও জীবিকার তাগিদে অনেকেই মাঠে কাজ করতে বাধ্য হন। কেঞ্জাশোল গ্রামের এই মর্মান্তিক ঘটনায় ফের একবার বজ্রপাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সামনে উঠে এল।
  • Link to this news (News18 বাংলা)