• কলকাতার ইসকনের রথযাত্রায় এবার রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ জানানো হচ্ছে অমিত শাহকে
    দৈনিক স্টেটসম্যান | ১৫ জুলাই ২০২৬
  • রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার প্রথমবার কলকাতার ইসকনের রথযাত্রায় অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে প্রতি বছর ইসকনের রথযাত্রার শুভ সূচনা করতেন তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা মেনে তিনি রথের রশিতে প্রথম টান দিতেন। এবার সেই দায়িত্ব পালন করবেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৬ জুলাই, বৃহস্পতিবার আয়োজিত রথযাত্রা উৎসবে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ।

    ইসকন সূত্রে খবর, সেদিন সকাল থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হবে। বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ অনুষ্ঠানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ দর্শন, বিশেষ আরতি এবং বৈদিক আচার সম্পন্ন করার পর তাঁর হাত ধরেই রথের রশিতে প্রথম টান পড়বে। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে রথযাত্রা।

    প্রতিবছরের মতো এবারও দক্ষিণ কলকাতা থেকে ইসকনের বর্ণাঢ্য রথযাত্রা বের হবে। মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে রথ পৌঁছবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা ময়দান চত্বরে। সেখানেই দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী তৈরি করা হয়েছে প্রভু জগন্নাথের অস্থায়ী মাসির বাড়ি। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত দেবতারা সেখানেই অবস্থান করবেন এবং ভক্তদের দর্শন দেবেন।

    রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার কলকাতার ইসকন মন্দিরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা ইসকনের অধ্যক্ষ দয়ারাম দাস, সহ-অধ্যক্ষ বল্লভ চৈতন্য দাস, রথযাত্রা কমিটির চেয়ারম্যান অনঙ্গ মোহন দাস এবং সচিব অনন্ত ভগবান দাস। সাংবাদিক বৈঠকে তাঁরা জানান, এবারের রথযাত্রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ইসকনের বক্তব্য, রথযাত্রা চলাকালীন সময়ে তিনি কলকাতায় থাকতে পারেন বলে জানা গিয়েছে। তাই তাঁকে আনুষ্ঠানিকভাবে এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে।

    ইসকন কর্তৃপক্ষের দাবি, গত বছর সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে তাঁদের আশা। শুধু পশ্চিমবঙ্গ বা দেশের বিভিন্ন প্রান্ত নয়, বিদেশ থেকেও বহু ভক্ত কলকাতায় আসবেন। চিন, ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশ থেকে ভক্তদের আগমনের সম্ভাবনা রয়েছে।

    এই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হচ্ছে। কলকাতা পুলিশ, প্রশাসন এবং ইসকন কমিটি যৌথভাবে রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর এই প্রথম ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)