• ‘পুজো রাজনীতির নয়, মানুষের’, কলেজ স্কোয়ারের সভাপতি হচ্ছেন না,স্পষ্ট জানালেন শমীক
    দৈনিক স্টেটসম্যান | ১৫ জুলাই ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক দুর্গাপুজোর পরিচালনা কমিটিতে পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছিল। সেই আবহেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কলেজ স্কোয়ার দুর্গাপুজো কমিটির সভাপতি হচ্ছেন না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজো কমিটির সভাপতি বা পরিচালনার দায়িত্বও তিনি নেবেন না বলে ঘোষণা করেছেন। পাশাপাশি বিজেপির নেতা, মন্ত্রী, বিধায়ক ও সাংসদদেরও পুজো কমিটির দায়িত্ব নেওয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন।

    সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে শমীক লিখেছেন, ‘কলেজ স্কোয়ার দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না।’ তিনি জানান, কলেজ স্কোয়ার পুজো কমিটির পক্ষ থেকে তাঁকে সভাপতি হওয়ার অনুরোধ জানানো হলেও তিনি তা গ্রহণ করেননি। তবে খুঁটি পুজোর আমন্ত্রণ রক্ষা করতে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    শমীকের বক্তব্য, দুর্গাপুজো সর্বজনের উৎসব। মানুষের উৎসবকে রাজনৈতিক নিয়ন্ত্রণে আনা উচিত নয়। তাঁর মতে, পুজো কমিটি বা ক্লাব দখলের রাজনীতি বিজেপি করে না। সেই কারণেই তিনি কোনও পুজো কমিটির দায়িত্ব গ্রহণ করতে চান না।

    একই সঙ্গে দলের জনপ্রতিনিধিদের উদ্দেশেও স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপি সভাপতি। তিনি বলেন, কোনও বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে রাজনৈতিক ব্যক্তিত্বরা একের পর এক পুজো কমিটির দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবেন। পুজোর সর্বজনীন চরিত্র এবং স্বাধীনতা বজায় রাখতেই দলের এই অবস্থান বলে জানান তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)