• গোয়ালপোখর ২ ব্লকের বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
    বর্তমান | ১৫ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, ইসলামপুর: আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এমনকী, নতুন ঘর পাইয়ে দেওয়ার নাম করেও মানুষের থেকে হাজার হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। গোয়ালপোখর ২ ব্লকের সূর্যাপুর ২ পঞ্চায়েতের ঝিটকিয়ার পঞ্চায়েত সদস্য মিঠুন মজুমদারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। 

    উপভোক্তাদের একাংশ গত ১৩ জুলাই বিডিও অফিসে ওই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। লিখিত অভিযোগপত্রে বেশকিছু উপভোক্তার স্বাক্ষরও  রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।

    স্বপন মণ্ডল নামে এক অভিযোগকারীর বক্তব্য, বহু উপভোক্তার কাছ থেকে কাটমানি নিয়েছে ওই পঞ্চায়েত সদস্য। 

    কারও কাছ থেকে ১০ হাজার, কারও কাছ থেকে তারও বেশি টাকা নিয়েছে। আমরা টাকা ফেরত চাই। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য মিঠুন। তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমি কারও কাছ থেকে টাকা নিইনি।

    রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। সমস্ত রকমের দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই উপভোক্তারা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, দলের গোষ্ঠী কোন্দলের জেরে বিষয়টি প্রকাশ্যে এসেছে। দলেরই এক গোষ্ঠী পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যদিও এবিষয়ে বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি। 
  • Link to this news (বর্তমান)