নবদ্বীপে পথশ্রীর রাস্তার কাজ থমকে, বেহাল দশা নিয়েই ঝুঁকির যাতায়াত
বর্তমান | ১৫ জুলাই ২০২৬
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জের ফকিরতলা মোড় থেকে ট্যাংরা কবরস্থান পর্যন্ত প্রায় দু›কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশা। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড়ো, বড়ো গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার পিচ উঠে খোয়া বেরিয়ে পড়ায় যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার অবস্থা এতই খারাপ যে ওই রাস্তার অনেক জায়গায় হেঁটেও চলাচল করতে সমস্যা হচ্ছে। প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে এসআরডিএ-এর পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও বেশকিছু অংশে কাজ হওয়ার পর তা বন্ধ রয়েছে দীর্ঘদিন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষার মরশুমে রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। দ্রুত রাস্তার অসমাপ্ত কাজ শেষ করা হোক। জানা গিয়েছে, স্বরূপগঞ্জ পঞ্চায়েতের অধীনে থাকা গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে তিওরখালি, মহেশগঞ্জ, বিপ্রনগর,বাগানেপাড়া, ট্যাংরার বাসিন্দারা তো বটেই, কৃষ্ণনগর ১ ব্লকের রুইপুকুর পঞ্চায়েতের কাশীবাস, আমঘাটার বাসিন্দারাও যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে নবদ্বীপ বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতাল, ভাগীরথী বিদ্যাপীঠ, পানশিলা গার্লস হাই স্কুল সহ কলেজ পৌঁছানো যায়।
স্বরুপগঞ্জ পঞ্চায়েতের বাগানেপাড়ার বাসিন্দা পেশায় আশাকর্মী রুনন দেবনাথ পাল, গৌরী বালা দেবনাথরা বলেন, ভোটের আগে এই রাস্তার কাজ শুরু হয়েছিল। তারপর ভোট ঘোষণার পর কাজ বন্ধ হয়। তারপর কেন আর শুরু হয়নি বোঝা যাচ্ছে না।
মহেশগঞ্জ বাগানে পাড়ার বাসিন্দা বুদ্ধদেব মণ্ডল বলেন, কাজ হবে বলে রাস্তা খুঁড়ে আরও খারাপ করে ফেলেছে। প্রায় দু’বছরের বেশি সময় ধরে রাস্তাটি বেহাল।
নদীয়া জেলা পরিষদের জেডপি-২৬-র সদস্য অজয় কর জানান, ফকিরতলা মোড় থেকে ট্যাংরা পর্যন্ত রাস্তার নির্মাণ ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় শুরু হয়েছিল। ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ট্যাংরা গ্রামের কিছু বাসিন্দা রাস্তার প্রস্থ ও নির্মাণের মান নিয়ে অভিযোগ তুলে মাঝেমধ্যেই কাজে বাধা সৃষ্টি করছেন। ফলে নির্মাণকাজ বিলম্বিত হচ্ছে।
বিষয়টি নিয়ে তিনি গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। গত ২ জুলাই নির্মাণকারী সংস্থার সঙ্গে তাঁর কথা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে শুধু পিচ ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। খুব শীঘ্রই সেই কাজ সম্পন্ন করা হবে। স্বরূপগঞ্জ পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কানাই দাস বলেন, রাস্তাটি তৈরি করতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যদি সহযোগিতা লাগে পঞ্চায়েত সবসময় পাশে থাকবে। -নিজস্ব চিত্র