সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যে পালাবদলের পর উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ দাস ইস্তফা দিয়েছিলেন। তারপর থেকে অচলাবস্থা চলছিল এই গ্রাম পঞ্চায়েতে। অবশেষে মঙ্গলবার এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন বিজেপির অঞ্জনা গায়েন। উল্লেখ্য, হাওড়া গ্রামীণ জেলার মধ্যে এই প্রথম কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি থেকে নির্বাচিত হলেন। এদিন দুপুরে গেরুয়া আবির উড়িয়ে বাদ্যযন্ত্র সহকারে প্রধান সহ বিজেপি নেতা কর্মীরা পঞ্চায়েত অফিসে আসেন। এরপর সেখানেই অঞ্জনা গায়েন প্রধান নির্বাচিত হন। হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৭টি আসন। বিজেপি ৬টি, সিপিএম ১টি এবং নির্দল দুটি আসন পেয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে ২ নির্দল সদস্য তৃণমূলে যোগ দেন। কিন্তু এবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ দাস পঞ্চায়েতে আসছিলেন না। ফলে অচলাবস্থা হয়েছিল গ্রাম পঞ্চায়েতে। গত মাসে পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ দাস পদ থেকে ইস্তফা দেন। এদিন প্রধান নির্বাচনের এই অনুষ্ঠানে বিজেপি ও সিপিএমের সদস্যরা উপস্থিত থাকলেও তৃণমূলের সদস্যরা কেউ ছিলেন না।
এদিন প্রধান নির্বাচিত হওয়ার পরেই উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি অর্ঘ্য দাস বলেন, প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ আছে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই প্রধান গ্রাম পঞ্চায়েতে আসছিলেন না। পরে গত মাসের ১৫ তারিখে তিনি পদত্যাগ করেন। আগামী ১১ আগস্ট এই বোর্ডের তিন বছর পূরণ হবে। এরপরেই আমরা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনব এবং বোর্ড দখল করব। এনিয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত বলেন, আজ প্রধান নির্বাচিত হয়েছেন। এরপর বোর্ড গঠন হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনুপম মল্লিক, অরুণউদয় পালচৌধুরী প্রমুখ।