• দীর্ঘ দু’দশক পর কলকাতার অনুষ্ঠানে আসছেন তসলিমা
    বর্তমান | ১৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ দু’দশক বাদে কলকাতায় আসছেন কবি- সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। উদ্যোক্তাদের বক্তব্য, অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যক্তিরা বলবেন। তারপর তসলিমার কবিতা নিয়ে গানের অনুষ্ঠান হবে। তসলিমা নিজেও কবিতা পাঠ করবেন। উদ্যোক্তাদের দাবি, ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। পরের দিন সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। তসলিমার আগমনে যেমন উত্সাহ রয়েছে, রয়েছে বিতর্কও।

    ২০০৭ সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর ‘দ্বিখণ্ডিত’ বইটিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। লেখিকাকে ছাড়তে হয় কলকাতা। তৃণমূল আমলেও তিনি কলকাতায় আসতে পারেননি। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহিত রায় বলছিলেন, ‘তসলিমার আসা নিয়ে কোনো আইনি বাধা নেই। পূর্বতন সরকার মৌলবাদের কাছে মাথা নত করেছিল। এই সরকার তসলিমার নিরাপত্তা সুনিশ্চিত করেছে।’ 

    বিজেপির এক নেতার কথায়, বামেরা নিজেদের অসাম্প্রদায়িক বলে। কিন্তু তারাই তসলিমাকে কলকাতা ছাড়া করেছিল। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই বিষয়ে বলেন, ‘বিদেশি নাগরিক দেশে কতদিন থাকবেন, কোথায় থাকবেন এগুলো কেন্দ্রীয় সরকারের বিষয়। বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপানোটা রাজনৈতিক উদ্দেশ্যে।’  
  • Link to this news (বর্তমান)